টঙ্গীতে ছিনতাইকারীকে গণধোলাই, কেটে দেওয়া হলো হাতের কবজি
গাজীপুরের টঙ্গীতে ছিনতাইয়ের অভিযোগে মাইন উদ্দিন (৩২) নামে এক ব্যক্তিকে ধরে গণধোলাই দেওয়ার পর তার হাতের কবজি কেটে দেওয়ার ঘটনা ঘটেছে। পরে পুলিশ তাকে আটক করে থানায় নিয়ে যায়। বুধবার (৪ মার্চ) রাতে টঙ্গীর সাতাইশ এলাকার গাজীপুরা এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মাইন উদ্দিন টঙ্গীর এরশাদনগর এলাকায় ভাড়া বাসায় বসবাস করেন। বুধবার রাতে তিনি আরও দুই সহযোগীকে নিয়ে সাতাইশ এলাকায় পথচারীদের লক্ষ্য করে ছিনতাই করছিলেন।
এক পর্যায়ে তারা এক পথচারীর ওপর হামলা চালিয়ে তাকে গুরুতর আহত করে সর্বস্ব ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেন। এ সময় রক্তাক্ত অবস্থায় ওই ভুক্তভোগী মাইন উদ্দিনকে জাপটে ধরেন এবং চিৎকার করতে থাকেন। তার চিৎকার শুনে আশপাশের লোকজন ছুটে এসে মাইন উদ্দিনকে আটক করেন। তবে তার দুই সহযোগী ঘটনাস্থল থেকে পালিয়ে যেতে সক্ষম হন। পরে উত্তেজিত জনতা তাকে গণধোলাই দেয়। এক পর্যায়ে তার হাতের একটি কবজি কেটে ফেলা হয় বলে স্থানীয়রা জানিয়েছেন।
এদিকে ছিনতাইয়ের শিকার গুরুতর আহত ব্যক্তিকে আশঙ্কাজনক অবস্থায় উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।
খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে পুলিশ জনতার হাতে আটক মাইন উদ্দিনকে উদ্ধার করে থানায় নিয়ে যায়।
এ বিষয়ে মো. আরিফুর রহমান, ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি), টঙ্গী পশ্চিম থানা বলেন, জনতার হাতে আটক এক ছিনতাইকারী বর্তমানে পুলিশ হেফাজতে রয়েছে। ঘটনার বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে এবং বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।