রংপুর-৪ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য ও আখতার হোসেন বলেছেন, জাতীয় স্বার্থ ও এলাকার উন্নয়নের প্রশ্নে দলীয় বিভাজন থাকা উচিত নয়। শিল্প-কারখানা স্থাপন ও তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে সবাইকে দলমত নির্বিশেষে একসঙ্গে কাজ করার আহ্বান জানিয়েছেন তিনি।
বুধবার (৪ মার্চ) সন্ধ্যায় পীরগাছা উপজেলার ইটাকুমারী ইউনিয়নের দামুর চাকলা বাজারে দেওয়ান সালেহ আহমেদ নুরানি হাফেজিয়া মাদ্রাসা ও এতিমখানায় ইফতারের পর স্থানীয়দের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।
এমপি আখতার হোসেন বলেন, কাজের সন্ধানে এলাকার অনেক মানুষকে ঢাকায় গার্মেন্টস খাতে যেতে হয়। স্থানীয়ভাবে শিল্প-কলকারখানা গড়ে উঠলে কর্মসংস্থানের সুযোগ বাড়বে এবং মানুষকে আর জীবিকার জন্য রাজধানীমুখী হতে হবে না।
তিস্তা মহাপরিকল্পনা প্রসঙ্গে তিনি বলেন, এটি কোনো একক দলের বিষয় নয়; বরং জাতীয় স্বার্থের একটি বড় প্রকল্প। পূর্ণমন্ত্রী হওয়া আসাদুল হাবিব দুলু এ প্রকল্প বাস্তবায়নে কার্যকর ভূমিকা রাখবেন বলে আশা প্রকাশ করেন তিনি। প্রয়োজনে দলমত ভুলে সবাইকে একসঙ্গে কাজ করার কথাও উল্লেখ করেন।
তিনি বলেন, শিক্ষা, কৃষি ও স্বাস্থ্যনীতির মতো বড় নীতিগত সিদ্ধান্ত দেশের রাজনীতি ও মানুষের জীবনমানকে সরাসরি প্রভাবিত করে। এসব বিষয়ে কার্যকর ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা প্রয়োজন। কৃষি খাতে ভর্তুকির বিষয়ে তিনি বলেন, সরকারের দেওয়া ভর্তুকির ফলে কৃষকরা তুলনামূলক কম দামে সার পাচ্ছেন। তবে এই ভর্তুকির অর্থ যেন অপচয় বা অনিয়মের মাধ্যমে অন্য খাতে চলে না যায়, সে বিষয়ে কঠোর নজরদারি প্রয়োজন।
এ সময় তিনি বলেন, কৃষকের জন্য বরাদ্দ অর্থ প্রকৃত কৃষকের কাছেই পৌঁছাতে হবে। পরিকল্পিত উন্নয়নের ওপর গুরুত্ব দিয়ে তিনি বলেন, সঠিক পরিকল্পনা একটি কাজের অর্ধেক বাস্তবায়নের সমান। সভায় স্থানীয় রাজনৈতিক ও সামাজিক নেতারা উপস্থিত ছিলেন। শেষে তিনি এলাকার উন্নয়নে সবার সহযোগিতা কামনা করেন।