শিক্ষকদের বদলিতে স্বচ্ছতা নিশ্চিত করতে তদবিরনির্ভর পদ্ধতি বন্ধ করে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ভিত্তিক সফটওয়্যারের মাধ্যমে বদলি কার্যক্রম চালুর নির্দেশ দিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।
বৃহস্পতিবার (৫ মার্চ) দুপুরে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর–এর সভাকক্ষে কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ নির্দেশনা দেন। মন্ত্রী বলেন, শিক্ষকদের বদলি প্রক্রিয়ায় স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে আধুনিক প্রযুক্তির ব্যবহার বাড়াতে হবে। এ ক্ষেত্রে কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক সফটওয়্যার ব্যবহারের মাধ্যমে বদলি কার্যক্রম পরিচালনা করা হলে তদবির ও অনিয়ম কমবে এবং একটি নিরপেক্ষ ব্যবস্থা গড়ে উঠবে।
কর্মকর্তাদের নির্ভয়ে ও যুক্তির ভিত্তিতে মতামত দেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, প্রশাসনের অভ্যন্তরে অপ্রয়োজনীয় দূরত্ব কমিয়ে সহযোগিতামূলক কর্মপরিবেশ তৈরি করতে হবে। এতে শিক্ষা খাতে সেবার গতি ও মান বাড়বে। মন্ত্রী আরও বলেন, সরকারি কাজে সুষ্ঠু সমন্বয়, খোলামেলা আলোচনা এবং পারস্পরিক সহযোগিতার মাধ্যমে প্রশাসনিক কার্যক্রম আরও কার্যকর করা সম্ভব।
শিক্ষকদের প্রশাসনিক সমস্যার দ্রুত সমাধানের ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, দেশের বিভিন্ন অঞ্চল থেকে আসা শিক্ষকদের যেন অপ্রয়োজনীয়ভাবে দীর্ঘ সময় অফিসে ঘোরাফেরা করতে না হয়। বেতন-ভাতা, পেনশন, ছুটি, বদলি, প্রশিক্ষণ ও উচ্চশিক্ষা সংক্রান্ত বিষয়গুলো নির্ধারিত সময়ের মধ্যে দ্রুত নিষ্পত্তি নিশ্চিত করতে হবে।
সেবাপ্রদান প্রক্রিয়াকে সহজ ও আধুনিক করতে অটোমেশন ও ডিজিটাল পদ্ধতির ব্যবহার বাড়ানোর ওপরও জোর দেন মন্ত্রী। তিনি বলেন, ভবিষ্যতে এমন একটি ব্যবস্থা গড়ে তোলা যেতে পারে যাতে সেবাপ্রার্থীরা সহজেই তাদের সমস্যার ধরন অনুযায়ী সংশ্লিষ্ট ডেস্ক বা কর্মকর্তার তথ্য জানতে পারেন। একই সঙ্গে অনলাইন সেবার পরিধি বাড়ানোর কথাও উল্লেখ করেন তিনি।
সভায় কর্মকর্তারা অনলাইন সিস্টেম ও সফটওয়্যার ব্যবস্থাপনার কিছু সীমাবদ্ধতার বিষয় তুলে ধরেন। এ সময় মন্ত্রী এসব সমস্যার দ্রুত সমাধান করে প্রশাসনিক কার্যক্রম আরও গতিশীল ও স্বচ্ছ করতে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার নির্দেশ দেন। সভায় শিক্ষা মন্ত্রণালয় ও মাউশির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।