ইরানের সামরিক স্থাপনায় বড় ধরনের হামলার পরিকল্পনার কথা জানিয়েছেন যুক্তরাষ্ট্রের অর্থমন্ত্রী স্কট বেসেন্ট। তিনি বলেছেন, ইরানের ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ কেন্দ্র ও ক্ষেপণাস্ত্র তৈরির কারখানাগুলো লক্ষ্য করে বড় আকারের বোমা হামলা চালানোর প্রস্তুতি রয়েছে।
যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদমাধ্যম ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে বেসেন্ট জানান, শনিবার (৭ মার্চ) রাতে ইরানের বিভিন্ন সামরিক স্থাপনায় যুক্তরাষ্ট্রের ‘সবচেয়ে বড় বোমাবর্ষণ কর্মসূচি’ পরিচালিত হতে পারে।
মার্কিন অর্থমন্ত্রীর দাবি, সম্ভাব্য এই অভিযানের মূল লক্ষ্য হবে ইরানের ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ কেন্দ্র এবং ক্ষেপণাস্ত্র উৎপাদন কারখানাগুলো। এসব স্থাপনায় হামলার মাধ্যমে ইরানের সামরিক সক্ষমতাকে বড় ধরনের ক্ষতির মুখে ফেলার পরিকল্পনা রয়েছে বলে তিনি উল্লেখ করেন।
বেসেন্ট বলেন, ‘আমরা এসব স্থাপনাকে উল্লেখযোগ্যভাবে অকার্যকর করে দেওয়ার পদক্ষেপ নিচ্ছি।’
এ সময় তিনি ইরানের বিরুদ্ধে আন্তর্জাতিক অর্থনৈতিক পরিবেশ অস্থিতিশীল করার অভিযোগও তোলেন। তার দাবি, ইরান অর্থনৈতিক বিশৃঙ্খলা তৈরির চেষ্টা করছে।
মধ্যপ্রাচ্যের গুরুত্বপূর্ণ সামুদ্রিক পথ হরমুজ প্রণালি নিয়ন্ত্রণের বিষয়টি উল্লেখ করে বেসেন্ট বলেন, এই প্রণালির ওপর তেহরানের প্রভাব আন্তর্জাতিক বাণিজ্য ও জ্বালানি সরবরাহের ক্ষেত্রে উদ্বেগের কারণ হয়ে উঠেছে।
বিশ্লেষকদের মতে, যুক্তরাষ্ট্রের এমন ঘোষণায় মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা বাড়ার আশঙ্কা তৈরি হয়েছে।