রাজধানীতে পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় বাবা-মেয়েসহ চারজনের মৃত্যু হয়েছে। ঈদের কেনাকাটা শেষে বাসায় ফেরার পথে শুক্রবার (৬ মার্চ) রাতে সায়েন্সল্যাব ও তেজগাঁও এলাকায় এসব দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও হাসপাতাল সূত্রে জানা গেছে, সায়েন্সল্যাব এলাকায় দুর্ঘটনায় নিহতরা হলেন গণপূর্ত অধিদপ্তরের অফিস সহায়ক সাজু আহমেদ সুমন এবং তার মেয়ে তৃষা (২১)। অন্যদিকে তেজগাঁও সাতরাস্তা এলাকায় দুর্ঘটনায় প্রাণ হারান সিএনজিচালিত অটোরিকশার চালক মো. আলিম (৬৫) ও যাত্রী মো. হারুনুর রহমান (৩২)।
জানা যায়, সাজু আহমেদ সুমন মেয়েকে নিয়ে ঈদের কেনাকাটা করতে বের হয়েছিলেন। কেনাকাটা শেষে মোটরসাইকেলে করে বাসায় ফেরার পথে রাত প্রায় ৯টার দিকে সায়েন্সল্যাব মোড়ে দ্রুতগতির একটি বালুবাহী ট্রাক তাদের মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই সুমনের মৃত্যু হয়। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তার মেয়ে তৃষাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিউ মার্কেট থানার উপপরিদর্শক (এসআই) মাহমুদুল হাসান জানান, দুর্ঘটনায় জড়িত ট্রাক ও চালককে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে পাঠানো হয়েছে এবং এ ঘটনায় আইনি প্রক্রিয়া চলছে। অন্যদিকে একই রাতে রাজধানীর তেজগাঁও সাতরাস্তা মোড়ে আরেকটি সড়ক দুর্ঘটনায় প্রাণ হারান দুইজন। জানা গেছে, যাত্রী হারুনুর রহমান পরিবারের সদস্যদের সঙ্গে ঈদের কেনাকাটা শেষে সিএনজিচালিত অটোরিকশায় বাড়ি ফিরছিলেন।
সাতরাস্তার মোড়ে অটোরিকশাটি ইউটার্ন নেওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের আইল্যান্ডে সজোরে ধাক্কা খায়। এতে গুরুতর আহত হন চালক আলিম ও যাত্রী হারুনুর রহমান। স্থানীয়রা তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় আহত হারুনুর রহমানের স্ত্রী ও তার বোন ঢামেক হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, নিহতদের মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে এবং সংশ্লিষ্ট থানা পুলিশ বিষয়টি তদন্ত করছে।