ঘন কুয়াশার কারণে সাময়িকভাবে বন্ধ থাকার পর দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে ফেরি চলাচল আবার স্বাভাবিক হয়েছে। শনিবার (৭ মার্চ) সকাল ৯টা ১০ মিনিটে কুয়াশা কমে এলে ফেরি চলাচলের অনুমতি দেয় ঘাট কর্তৃপক্ষ।
এর আগে ভোর থেকে পদ্মা নদীতে ঘন কুয়াশা দেখা দিলে নৌপথে দৃশ্যমানতা কমে যায়। ফলে দুর্ঘটনার আশঙ্কা এড়াতে সকাল সাড়ে ৭টা থেকে এ রুটে ফেরি চলাচল বন্ধ রাখা হয়।
ঘাট সংশ্লিষ্ট সূত্র জানায়, কুয়াশার কারণে নদীপথে স্থাপিত বিকন বাতি ও চ্যানেলের মার্কিং পয়েন্টগুলো স্পষ্টভাবে দেখা যাচ্ছিল না। এতে নৌযান চলাচলে ঝুঁকি তৈরি হওয়ায় নিরাপত্তার স্বার্থে ফেরি চলাচল সাময়িকভাবে বন্ধ রাখার সিদ্ধান্ত নেয় কর্তৃপক্ষ। পরে সকাল ৯টার দিকে কুয়াশা কিছুটা কমে গেলে পরিস্থিতি স্বাভাবিক হয় এবং সকাল ৯টা ১০ মিনিটে ফেরি চলাচল পুনরায় শুরু করা হয়।