ইরানের রাজধানী তেহরানসহ দেশের বিভিন্ন স্থানে রাতভর একাধিক বিস্ফোরণের খবর পাওয়া গেছে। এ ঘটনার পর ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) দাবি করেছে, তারা ইরানের কয়েকটি সামরিক স্থাপনাকে লক্ষ্য করে বড় ধরনের বিমান হামলা চালিয়েছে।
আইডিএফের এক বিবৃতিতে বলা হয়েছে, ওই অভিযানে ৮০টির বেশি যুদ্ধবিমান অংশ নেয় এবং বিভিন্ন লক্ষ্যবস্তুতে প্রায় ২৩০টি অস্ত্র নিক্ষেপ করা হয়। ইসরায়েলি বাহিনীর দাবি অনুযায়ী, হামলার লক্ষ্যবস্তুর মধ্যে ছিল ইরানের রেভোল্যুশনারি গার্ডস কোর (আইআরজিসি)-এর একটি সামরিক বিশ্ববিদ্যালয়, ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ অবকাঠামোর জন্য ব্যবহৃত একটি গুদাম এবং ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সংরক্ষণ ও উৎপাদনের একটি ভূগর্ভস্থ স্থাপনা।
তবে এসব স্থাপনার নির্দিষ্ট অবস্থান বা ক্ষয়ক্ষতির বিস্তারিত তথ্য আইডিএফের বিবৃতিতে উল্লেখ করা হয়নি। এদিকে তেহরানসহ বিভিন্ন এলাকায় বিস্ফোরণের খবর ছড়িয়ে পড়ার পর মধ্যপ্রাচ্যে উত্তেজনা আরও বাড়ার আশঙ্কা দেখা দিয়েছে।