মধ্যপ্রাচ্যে উত্তেজনা বাড়তে থাকায় ইরানকে সংযত থাকার আহ্বান জানিয়েছেন সৌদি আরবের প্রতিরক্ষামন্ত্রী খালিদ বিন সালমান আল সৌদ। শনিবার (৭ মার্চ) তিনি বলেন, বর্তমান পরিস্থিতিতে ইরানের উচিত এমন কোনো সিদ্ধান্ত না নেওয়া, যা আঞ্চলিক নিরাপত্তা ও স্থিতিশীলতাকে আরও ঝুঁকির মধ্যে ফেলতে পারে।
সৌদি প্রতিরক্ষা মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, সম্প্রতি দেশটির একটি সামরিক ঘাঁটি লক্ষ্য করে ছোড়া একাধিক ক্ষেপণাস্ত্র প্রতিহত করা হয়েছে। ওই ঘাঁটিতে মার্কিন সেনাদের উপস্থিতি রয়েছে বলে জানা গেছে। একই সঙ্গে একটি গুরুত্বপূর্ণ তেলক্ষেত্রে ড্রোন হামলার প্রচেষ্টাও ব্যর্থ করা হয়েছে। এর আগে চলতি সপ্তাহে সৌদি কর্তৃপক্ষ জানায়, রাস তানুরা তেল শোধনাগারকে লক্ষ্য করে অন্তত দুটি ড্রোন হামলার চেষ্টা চালানো হয়।
পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল আসিম মুনিরের সঙ্গে বৈঠকের পর সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে খালিদ বিন সালমান বলেন, এ ধরনের কর্মকাণ্ড পুরো অঞ্চলের নিরাপত্তা ও স্থিতিশীলতার জন্য হুমকি সৃষ্টি করছে। তিনি আশা প্রকাশ করেন, ইরান পরিস্থিতির গুরুত্ব উপলব্ধি করে সংযত আচরণ করবে।
সৌদি প্রতিরক্ষা মন্ত্রণালয় আরও জানায়, রাজধানী রিয়াদের দক্ষিণ–পূর্বে অবস্থিত প্রিন্স সুলতান বিমান ঘাঁটির দিকে ছোড়া একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র মাঝপথেই প্রতিহত করা হয়েছে।
এ ছাড়া শায়বাহ তেলক্ষেত্রে হামলার চেষ্টা করা হয় এবং এম্পটি কোয়ার্টার মরুভূমি এলাকায় ছয়টি ড্রোন ভূপাতিত করা হয়েছে বলে জানিয়েছে মন্ত্রণালয়।