ইরান চলমান সংঘাত বর্তমান মাত্রা ও গতিতে আরও কমপক্ষে ছয় মাস ধরে অব্যাহত রাখতে পারবে বলে দাবি করেছেন দেশটির ইসলামী বিপ্লবী গার্ড কোর (আইআরজিসি)-এর এক শীর্ষ কর্মকর্তা।
দেশটির আধা-সরকারি বার্তা সংস্থা ফারস নিউজের তথ্য অনুযায়ী, আইআরজিসির মুখপাত্র আলি মোহাম্মদ নাইনি এক বিবৃতিতে বলেন, ইরানের সশস্ত্র বাহিনী বর্তমানে যে তীব্রতায় সামরিক কার্যক্রম পরিচালনা করছে, তা দীর্ঘ সময় ধরে ধরে রাখার সক্ষমতা তাদের রয়েছে। তার এই বক্তব্য আন্তর্জাতিক অঙ্গনে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। বিশেষ করে যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক মন্তব্যের সঙ্গে এটি স্পষ্টতই সাংঘর্ষিক। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একাধিকবার বলেছেন, ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের অভিযান অত্যন্ত সফল হয়েছে।
চলতি সপ্তাহে দেওয়া বক্তব্যে ট্রাম্প দাবি করেন, সংঘাতে যুক্তরাষ্ট্র বড় ব্যবধানে এগিয়ে রয়েছে এবং প্রতিপক্ষের শক্ত ঘাঁটি কার্যত ধ্বংস করে দেওয়া হয়েছে। অন্যদিকে, আইআরজিসির পক্ষ থেকে দেওয়া বক্তব্যে ইঙ্গিত পাওয়া যায় যে ইরানের সামরিক কাঠামো এখনও সক্রিয় ও সংগঠিত রয়েছে। দেশটির নিরাপত্তা নীতি নির্ধারণে আইআরজিসি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। সামরিক ও গোয়েন্দা তৎপরতার পাশাপাশি রাজনৈতিক ও অর্থনৈতিক ক্ষেত্রেও সংস্থাটির প্রভাব সুদূরপ্রসারী।
বিশ্লেষকদের মতে, উভয় পক্ষের বিপরীতমুখী অবস্থান চলমান উত্তেজনাপূর্ণ পরিস্থিতিতে কৌশলগত বার্তার অংশ হতে পারে। বাস্তব পরিস্থিতির অগ্রগতি ও আন্তর্জাতিক কূটনৈতিক তৎপরতা ভবিষ্যৎ পরিস্থিতি নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।