মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ বিশ্বব্যাপী আমেরিকান নাগরিকদের নিরাপত্তা প্রশ্নে কঠোর অবস্থানের কথা পুনর্ব্যক্ত করেছেন। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় তিনি হুঁশিয়ারি উচ্চারণ করেন-পৃথিবীর যেখানেই হোক, কোনো আমেরিকানের ওপর হামলা বা প্রাণনাশের হুমকি এলে যুক্তরাষ্ট্র কঠোর প্রতিক্রিয়া জানাবে।
পেন্টাগন প্রধানের এই বক্তব্যটি মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) তাদের ভেরিফায়েড অ্যাকাউন্ট থেকে শেয়ার করেছে। সেখানে হেগসেথ স্পষ্ট ভাষায় বলেন, আমেরিকানদের লক্ষ্য করে কোনো আঘাত এলে যুক্তরাষ্ট্র দায়ীদের খুঁজে বের করবে এবং প্রয়োজনীয় ব্যবস্থা নিতে দ্বিধা করবে না। তার ভাষায়, এমন হামলার পরিণতি হবে চূড়ান্ত।
সেন্টকমের পোস্টের সঙ্গে ২১ সেকেন্ডের একটি ভিডিও সংযুক্ত করা হয়। ভিডিওতে মার্কিন সামরিক অভিযানের কিছু প্রকাশযোগ্য দৃশ্য তুলে ধরা হয়েছে, যেখানে বিভিন্ন লক্ষ্যবস্তুতে বিমান হামলা ও ধ্বংসযজ্ঞের চিত্র দেখা যায়।
বিশ্লেষকদের মতে, সামরিক শক্তির প্রদর্শনের মধ্য দিয়ে এই বার্তাটি আন্তর্জাতিক অঙ্গনে একটি শক্ত অবস্থান জানান দেওয়ার উদ্দেশ্যে প্রচার করা হয়েছে। বৈশ্বিক নিরাপত্তা পরিস্থিতির প্রেক্ষাপটে যুক্তরাষ্ট্রের এই বার্তা নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।