আজ ৮ মার্চ, আন্তর্জাতিক নারী দিবস। বিশ্বব্যাপী দিবসটি পালনের পাশাপাশি বাংলাদেশেও নানা কর্মসূচির মধ্য দিয়ে দিনটি উদযাপিত হচ্ছে। এ বছরের প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে-আজকের পদক্ষেপ, আগামীর ন্যায়বিচার-সুরক্ষিত হোক নারী ও কন্যার অধিকার”।
দিবসটি উপলক্ষে সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠান আলোচনা সভা, শোভাযাত্রা, সম্মাননা প্রদান এবং সচেতনতামূলক কর্মসূচির আয়োজন করেছে। মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখা নারীদের ‘অদম্য নারী পুরস্কার’ দেওয়ার প্রস্তুতি নেওয়া হয়েছে। একই সঙ্গে গণতান্ত্রিক অগ্রযাত্রায় ভূমিকার স্বীকৃতি হিসেবে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে বিশেষ সম্মাননা দেওয়ার উদ্যোগের কথাও জানানো হয়েছে।
সরকারি দপ্তর, বেসরকারি উন্নয়ন সংস্থা এবং আর্থিক প্রতিষ্ঠানগুলো দিবসটি ঘিরে পৃথক কর্মসূচি হাতে নিয়েছে। অ্যাকশনএইড বাংলাদেশ ও প্রথম আলোর যৌথ উদ্যোগেও একটি বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা অনুযায়ী দেশের তফসিলি ব্যাংকগুলোও যথাযথ মর্যাদায় দিবসটি পালন করছে।
আন্তর্জাতিক পরিসরে এ বছর “গিভ টু গেইন” শিরোনামে একটি প্রচারাভিযান পরিচালিত হচ্ছে। এ উদ্যোগে নারী-পুরুষের সমতা প্রতিষ্ঠায় পারস্পরিক সহযোগিতা এবং সম্মিলিত অংশগ্রহণের ওপর গুরুত্ব দেওয়া হয়েছে। বিভিন্ন কার্যক্রমের মাধ্যমে নারীর অধিকার সুরক্ষা এবং সমাজে তাদের অবদানের স্বীকৃতি তুলে ধরা হচ্ছে।
মহিলা অধিদপ্তর জানিয়েছে, কেন্দ্রীয় প্রতিপাদ্য সামনে রেখে জেলা ও উপজেলা পর্যায়েও স্থানীয় প্রশাসনের সমন্বয়ে নানা কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে। পাশাপাশি বিভিন্ন সংগঠন নিজ নিজ উদ্যোগে দিবসটি পালন করছে। দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান পৃথক বাণী দিয়েছেন। তারা নারী সমাজকে শুভেচ্ছা জানিয়ে অধিকার প্রতিষ্ঠায় সম্মিলিত প্রচেষ্টার আহ্বান জানিয়েছেন।
জাতীয় প্রেসক্লাবেও রয়েছে বিশেষ আয়োজন। সকাল ১১টায় মিলনায়তনে আলোচনা সভা, সম্মাননা প্রদান ও প্রদীপ প্রজ্বলন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদের। অনুষ্ঠানে সাংবাদিক মমতাজ বানুকে কৃতী নারী হিসেবে সম্মাননা দেওয়া হবে।
এদিকে ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) র্যালির মাধ্যমে দিবসের কর্মসূচি শুরু করেছে। সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়েছে, পবিত্র রমজান মাসের কারণে অন্যান্য কর্মসূচি ঈদুল ফিতরের পর আয়োজন করা হবে।