এনসিপির আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেছেন, মুক্তিযুদ্ধ ও ঐতিহাসিক ৭ মার্চের নাম ব্যবহার করে আওয়ামী লীগকে রাজনৈতিকভাবে পুনর্বাসনের চেষ্টা চলছে। তিনি দাবি করেন, মুক্তিযুদ্ধ জাতির গৌরবের অধ্যায় হলেও সেই ইতিহাসকে দলীয় স্বার্থে ব্যবহার করা হয়েছে।
শনিবার ফরিদপুরের অম্বিকা মেমোরিয়াল হলে আয়োজিত এনসিপি ফরিদপুরের ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। নাহিদ ইসলাম অভিযোগ করেন, গুম, হত্যা, অর্থপাচারসহ বিভিন্ন অপরাধকে মুক্তিযুদ্ধের চেতনার আড়ালে বৈধতা দেওয়ার চেষ্টা হয়েছে। তিনি বলেন, মুক্তিযুদ্ধ কিংবা শেখ মুজিবুর রহমানের নাম ব্যবহার করে আওয়ামী লীগকে পুনরায় প্রতিষ্ঠার উদ্যোগ গ্রহণ করা হলে তা প্রতিহত করা হবে।
সরকারের সমালোচনা করে তিনি আরও বলেন, জুলাই সনদের ঘোষিত লক্ষ্য ও অঙ্গীকার বাস্তবায়নে বর্তমান সরকার ব্যর্থ হয়েছে। তার ভাষ্য, ঘোষিত সংস্কার প্রক্রিয়া নিয়ে সরকার প্রতিশ্রুতি দিলেও বাস্তবে সেই পথে অগ্রগতি দেখা যাচ্ছে না। তিনি দাবি জানান, আগামী ১২ তারিখের অধিবেশনের আগে সংস্কার পরিষদের সদস্যদের শপথ গ্রহণ নিশ্চিত করতে হবে। পাশাপাশি প্রথম অধিবেশনেই বর্তমান রাষ্ট্রপতিকে অপসারণের পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তিনি। অন্যথায় জোটভুক্ত দলগুলো রাজপথে নামবে বলেও হুঁশিয়ারি দেন।
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন জাতীয় নাগরিক পার্টির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, যুগ্ম সদস্যসচিব ও ফরিদপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক নিজাম উদ্দিন, জাতীয় যুবশক্তির আহ্বায়ক তরিকুল ইসলাম এবং জাতীয় ছাত্রশক্তির আহ্বায়ক জাহিদ আহসান।