মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানের বিরুদ্ধে চলমান সামরিক অভিযানে যুক্তরাষ্ট্রের ব্রিটেনের বিমানবাহী রণতরীর সহায়তা প্রয়োজন নেই।
শনিবার সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন। এর আগে যুক্তরাজ্যের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছিল, তাদের প্রধান দুটি বিমানবাহী রণতরীর একটি-এইচএমএস প্রিন্স অব ওয়েলস-প্রস্তুত রাখা হয়েছে।
পোস্টে ট্রাম্প যুক্তরাজ্যকে যুক্তরাষ্ট্রের দীর্ঘদিনের মিত্র হিসেবে উল্লেখ করে লেখেন, মধ্যপ্রাচ্যে রণতরী পাঠানোর সিদ্ধান্তের কথা বিবেচনা করছে লন্ডন। তবে তিনি বলেন, বর্তমানে সে ধরনের সহায়তার প্রয়োজন নেই।
ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের প্রতি ইঙ্গিত করে ট্রাম্প মন্তব্য করেন, সংঘাতের পরবর্তী পর্যায়ে নয়, বরং শুরু থেকেই অংশীদারিত্ব গুরুত্বপূর্ণ। তার ভাষ্য অনুযায়ী, যুদ্ধ শেষ হওয়ার পর যোগ দেওয়া মিত্রদের প্রয়োজন যুক্তরাষ্ট্রের নেই।
ট্রাম্পের এই বক্তব্য দুই দেশের সম্পর্কের বিদ্যমান টানাপোড়েনকে আরও স্পষ্ট করেছে বলে বিশ্লেষকরা মনে করছেন। গত বছর তিনি ক্ষমতায় ফেরার পর থেকে ওয়াশিংটন-লন্ডন সম্পর্ক বিভিন্ন ইস্যুতে চাপের মুখে রয়েছে বলে আন্তর্জাতিক মহলে আলোচনা রয়েছে।