প্রধানমন্ত্রী তারেক রহমানের সহধর্মিণী ডা. জুবাইদা রহমান বলেছেন, নারীর অগ্রগতি মানেই দেশের অগ্রগতি। তিনি প্রত্যাশা ব্যক্ত করেন, বাংলাদেশ এমন এক রাষ্ট্রে পরিণত হবে যেখানে নারীরা নিরাপদ ও মর্যাদাপূর্ণ পরিবেশে বসবাস করতে পারবেন।
রোববার (৮ মার্চ) সকালে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। ডা. জুবাইদা রহমান তার বক্তব্যে বলেন, অদম্য মনোবলই মানুষের সবচেয়ে বড় শক্তি। নারী দিবসের প্রেক্ষাপটে তিনি সততা, মর্যাদা ও সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠায় নতুন করে অঙ্গীকার করার আহ্বান জানান।
তিনি আরও উল্লেখ করেন, নানা প্রতিকূলতার মধ্যেও বেগম খালেদা জিয়া দৃঢ়তা ও সাহসিকতার পরিচয় দিয়েছেন। তার ভাষায়, কঠিন সময়েও তিনি অবিচল ছিলেন। মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের আয়োজনে অনুষ্ঠানে বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য ছয়জন বিশিষ্ট নারীকে ‘অদম্য নারী পুরস্কার’ প্রদান করা হয়। এর মধ্যে প্রয়াত বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকেও সম্মাননা দেওয়া হয়। রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন পুরস্কারপ্রাপ্তদের হাতে সম্মাননা তুলে দেন।
অর্থনৈতিক ক্ষেত্রে নুরুন নাহার আক্তার, শিক্ষা ও চাকরিক্ষেত্রে সাফল্যের জন্য মোছা. ববিতা খাতুন, সফল জননী বিভাগে নুরবানু কবীর, নির্যাতনের বিরুদ্ধে লড়াই করে জীবনসংগ্রামে জয়ী হওয়ায় মোছা. শমলা বেগম এবং সমাজ উন্নয়নে অবদানের জন্য মোছা. আফরোজা ইয়াসমিন পুরস্কৃত হন।