পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে আগামীকাল সোমবার থেকে সরকার ঘোষিত ছুটি শেষ না হওয়া পর্যন্ত দেশের সব ধরনের কোচিং সেন্টারের কার্যক্রম বন্ধ রাখার নির্দেশ দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।
রোববার (৮ মার্চ) মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের বেসরকারি মাধ্যমিক-১ শাখা থেকে এ সংক্রান্ত নির্দেশনা জারি করা হয়।
নির্দেশনায় বলা হয়েছে, বাংলা ও ইংলিশ মিডিয়ামসহ সব ধরনের কোচিং সেন্টারের পাঠদান কার্যক্রম ঈদের ছুটিকালীন সময়ে বন্ধ থাকবে। একই সঙ্গে ইংলিশ মিডিয়াম স্কুলগুলোতেও শ্রেণি কার্যক্রম স্থগিত রাখার নির্দেশ দেওয়া হয়েছে।
তবে বিদেশি কারিকুলামে পরিচালিত শিক্ষাপ্রতিষ্ঠানে পূর্বনির্ধারিত আবশ্যিক পরীক্ষাগুলো নির্ধারিত সূচি অনুযায়ী নেওয়া যাবে বলে জানানো হয়েছে।
মন্ত্রণালয়ের বিবৃতিতে উল্লেখ করা হয়, পবিত্র রমজান মাসে রাজধানীসহ বিভিন্ন শহরে জনভোগান্তি কমানো এবং বৈশ্বিক পরিস্থিতি বিবেচনায় শিক্ষামন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত এক সভায় সর্বসম্মতিক্রমে এ সিদ্ধান্ত গৃহীত হয়। সভায় বিদেশি কারিকুলামে পরিচালিত শিক্ষাপ্রতিষ্ঠানের প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন।
এ নির্দেশনা ইতোমধ্যে সব শিক্ষা বোর্ডের চেয়ারম্যান, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদফতরের মহাপরিচালক এবং জেলা প্রশাসকদের কাছে পাঠানো হয়েছে।