প্রথম শ্রেণির ক্রিকেটের ২৫৪ বছরের ইতিহাসে বিরল এক কীর্তি গড়েছেন নিউজিল্যান্ডের ঘরোয়া ক্রিকেটার ব্রেট র্যান্ডেল। টানা পাঁচ বলে পাঁচ উইকেট নিয়ে বিশ্ব রেকর্ডের মালিক হয়েছেন এই ডানহাতি পেসার।
নেপিয়ারের ম্যাকলিন পার্কে প্লাঙ্কেট শিল্ডের চারদিনের ম্যাচে নর্দার্ন ডিস্ট্রিক্টসের বিপক্ষে সেন্ট্রাল ডিস্ট্রিক্টসের হয়ে খেলতে নেমে দ্বিতীয় দিনে এই অসাধারণ কীর্তি গড়েন তিনি।
অ্যাসোসিয়েশন অব ক্রিকেট স্ট্যাটিস্টিশিয়ান্স অ্যান্ড হিস্ট্রিয়ান্স-এর তথ্য অনুযায়ী, ১৭৭২ সালে প্রথম স্বীকৃত প্রথম শ্রেণির ম্যাচ শুরুর পর এমন ঘটনা এর আগে কখনও ঘটেনি। এর আগে আয়ারল্যান্ডের আন্তর্জাতিক ক্রিকেটার কুর্টিস ক্যাম্ফার একটি ঘরোয়া টি-টোয়েন্টি ম্যাচে পাঁচ বলে পাঁচ উইকেট নিয়েছিলেন, তবে প্রথম শ্রেণির ক্রিকেটে এই নজির এবারই প্রথম।
র্যান্ডেলের বিধ্বংসী স্পেলে নর্দার্ন ডিস্ট্রিক্টসের শীর্ষ সারির ব্যাটিং লাইনআপ ধসে পড়ে। নিজের দ্বিতীয় ওভারের শেষ বলে হেনরি কুপারকে বোল্ড করার পর তৃতীয় ওভারের প্রথম বলেই ফেরান সাবেক টেস্ট ব্যাটার জিত রাভালকে। এরপর টানা আরও তিন বলে উইকেট তুলে নিয়ে ইতিহাসের পাতায় নাম লেখান তিনি। অলরাউন্ডার ক্রিস্টিয়ান ক্লার্ককে বোল্ড করে পূর্ণতা পায় বিরল এই কীর্তি।
এতেই থামেননি র্যান্ডেল। পরবর্তী ওভারে আরও দুটি উইকেট যোগ করে প্রতিপক্ষকে মাত্র ৮২ রানে গুটিয়ে দেন। সেন্ট্রাল ডিস্ট্রিক্টস প্রথম ইনিংসে ৩৭৩ রান সংগ্রহ করেছিল।
ম্যাচে রেন্ডেল বোলিং বিশ্লেষণ ছিল ২৫ রানে ৭ উইকেট, যা তার ৩৮ ম্যাচের প্রথম শ্রেণির ক্যারিয়ারের সেরা পারফরম্যান্স।