প্রধানমন্ত্রীর জনপ্রশাসন বিষয়ক উপদেষ্টা মো. ইসমাইল জবিউল্লাহর সঙ্গে জাপান আন্তর্জাতিক সহযোগিতা সংস্থা (জাইকা)-এর একটি প্রতিনিধি দল সৌজন্য সাক্ষাৎ করেছে।
রোববার (৮ মার্চ) সচিবালয়ে উপদেষ্টার দপ্তরে অনুষ্ঠিত বৈঠকে জাইকার পাঁচ সদস্যের প্রতিনিধিদল অংশ নেয়।
বৈঠকের শুরুতে বাংলাদেশে উন্নয়ন সহযোগী হিসেবে জাইকার ভূমিকার প্রশংসা করে উপদেষ্টা প্রতিনিধি দলকে ধন্যবাদ জানান। তিনি সরকারের ১৮০ দিনের কর্মপরিকল্পনার প্রসঙ্গ তুলে ধরে বলেন, অতীতের মতো ভবিষ্যতেও জাপান বাংলাদেশের অন্যতম প্রধান উন্নয়ন অংশীদার হিসেবে পাশে থাকবে বলে প্রত্যাশা করা হচ্ছে।
জাইকা প্রতিনিধি দলের প্রধান তোমোহাইড ইচিগুচি বলেন, অবকাঠামো উন্নয়নের পাশাপাশি কর্মসংস্থান সৃষ্টি এবং মানবসম্পদ উন্নয়নে জাপান কাজ করতে আগ্রহী। এ ক্ষেত্রে বাংলাদেশ সরকারের সহযোগিতা কামনা করেন তিনি।
বৈঠকে প্রশাসন ক্যাডারের কর্মকর্তাদের ক্যারিয়ার পরিকল্পনা বিষয়ক চলমান একটি প্রকল্পের কথাও তুলে ধরেন উপদেষ্টা। তিনি বলেন, দেশ ও বিদেশে প্রশিক্ষণের সুযোগ বাড়ানো গেলে কর্মকর্তাদের দক্ষতা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাবে।
প্রতিনিধি দল বাংলাদেশে জাইকার চলমান প্রকল্পগুলোর অগ্রগতি সম্পর্কেও উপদেষ্টাকে অবহিত করে।
বাংলাদেশ-জাপান সম্পর্ক আরও সুদৃঢ় হওয়ার প্রত্যাশা ব্যক্ত করে উপদেষ্টা বলেন, অর্থনৈতিকভাবে টেকসই রাষ্ট্র গঠনের পথে জাপানের সহযোগিতা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।