বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ের লক্ষ্যে ঈদুল ফিতরের ছুটি এগিয়ে এনে দেশের সব বিশ্ববিদ্যালয় আগামী সোমবার (৯ মার্চ) থেকে বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ বিষয়ে শিক্ষা মন্ত্রণালয় রোববার (৮ মার্চ) একটি নির্দেশনা জারি করেছে।
নির্দেশনায় বলা হয়েছে, বৈশ্বিক পরিস্থিতির প্রেক্ষাপটে বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয় এখন জাতীয়ভাবে গুরুত্বপূর্ণ বিষয় হয়ে উঠেছে। এ কারণে মন্ত্রিপরিষদ বিভাগের নির্দেশনা বাস্তবায়ন এবং পবিত্র রমজান মাস উপলক্ষে ৯ মার্চ থেকে বিশ্ববিদ্যালয়গুলোর একাডেমিক ক্যালেন্ডারে নির্ধারিত ঈদুল ফিতরের ছুটি শেষ না হওয়া পর্যন্ত দেশের সব সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয় বন্ধ থাকবে।
শিক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, বিশ্ববিদ্যালয়গুলোতে বিদ্যুৎ ও জ্বালানির ব্যবহার কমাতে দায়িত্বশীল ও সাশ্রয়ী আচরণ নিশ্চিত করতে হবে।
নির্দেশনায় আরও বলা হয়েছে, দিনের বেলায় পর্যাপ্ত প্রাকৃতিক আলো থাকলে বৈদ্যুতিক বাতি ব্যবহার না করার পরামর্শ দেওয়া হয়েছে। এ ক্ষেত্রে জানালা ও দরজা খোলা রেখে প্রাকৃতিক আলো ব্যবহারের ওপর গুরুত্বারোপ করা হয়েছে। পাশাপাশি বিদ্যমান আলোর অন্তত অর্ধেক ব্যবহার করার নির্দেশনা দেওয়া হয়েছে।
এ ছাড়া অফিস চলাকালীন প্রয়োজন ছাড়া অতিরিক্ত লাইট, ফ্যান, এয়ার কন্ডিশনারসহ অন্যান্য বৈদ্যুতিক যন্ত্রপাতি ব্যবহার না করার কথা বলা হয়েছে। এয়ার কন্ডিশনার ব্যবহারের ক্ষেত্রে তাপমাত্রা ২৫ ডিগ্রি সেলসিয়াস বা তার বেশি রাখার নির্দেশ দেওয়া হয়েছে।
অফিস সময় শেষে লাইট, ফ্যান, কম্পিউটার, প্রিন্টার, স্ক্যানার ও এয়ার কন্ডিশনারসহ সব বৈদ্যুতিক যন্ত্রপাতি বন্ধ রাখার বিষয়টি নিশ্চিত করতে বলা হয়েছে। একই সঙ্গে অপ্রয়োজনীয় আলোকসজ্জা এড়িয়ে চলা এবং যানবাহনের ব্যবহার সীমিত রাখার নির্দেশনাও দেওয়া হয়েছে।