ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদি হত্যা মামলার প্রধান আসামি ফয়সালসহ ভারতে গ্রেপ্তার দুইজনকে দ্রুত দেশে ফিরিয়ে আনার উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) আলী হোসেন ফকির।
সোমবার (৯ মার্চ) বেলা ১১টার দিকে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, গ্রেপ্তার হওয়া দুজনকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে প্রয়োজনীয় প্রক্রিয়া সম্পন্ন করে দ্রুত বাংলাদেশে ফিরিয়ে আনা হবে। এদিকে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানিয়েছে, হাদি হত্যা মামলার দুই আসামিকে দেশে ফেরাতে ইতোমধ্যে প্রক্রিয়া শুরু হয়েছে।
আইএসপিআরের তথ্য অনুযায়ী, প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তরের (ডিজিএফআই) দেওয়া তথ্যের ভিত্তিতে ভারতের পশ্চিমবঙ্গের বনগাঁ এলাকা থেকে মামলার দুই প্রধান আসামি রাহুল ওরফে ফয়সাল করিম মাসুদ (৩৭) এবং আলমগীর হোসেনকে (৩৪) গ্রেপ্তার করা হয়েছে। কর্তৃপক্ষ জানিয়েছে, তাদের দ্রুত বাংলাদেশে ফিরিয়ে এনে আইনের আওতায় আনার জন্য সংশ্লিষ্ট দপ্তরগুলোর মধ্যে সমন্বয় করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।