ইরানের নতুন সর্বোচ্চ নেতা হিসেবে মোজতবা খামেনির নির্বাচনে অসন্তোষ প্রকাশ করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মার্কিন সংবাদমাধ্যম ফক্স নিউজের উপস্থাপক ব্রায়ান কিলমিড জানিয়েছেন, ব্যক্তিগত আলাপচারিতায় ট্রাম্প তাকে বলেছেন- ইরানের নতুন সর্বোচ্চ নেতা হিসেবে মোজতবা খামেনিকে নির্বাচিত করায় তিনি সন্তুষ্ট নন। তবে এ বিষয়ে এখনো প্রকাশ্যে কোনো আনুষ্ঠানিক মন্তব্য করেননি ট্রাম্প।
এর আগে যুক্তরাষ্ট্রের আরেক সংবাদমাধ্যম এবিসি নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প ইঙ্গিত দেন, ওয়াশিংটনের সমর্থন ছাড়া ইরানের নতুন সর্বোচ্চ নেতা দীর্ঘদিন ক্ষমতায় থাকতে পারবেন না। সাক্ষাৎকারে তিনি বলেন, ইরানের নতুন নেতৃত্বকে যুক্তরাষ্ট্রের অনুমোদন নিতে হবে। তা না হলে তার রাজনৈতিক অবস্থান টেকসই হবে না বলেও মন্তব্য করেন মার্কিন প্রেসিডেন্ট।
অন্যদিকে মোজতবা খামেনির নাম ঘোষণার আগে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতৃত্ব নির্ধারণকারী সংস্থা অ্যাসেম্বলি অব এক্সপার্টসের সদস্য আয়াতুল্লাহ মহসিন হায়দারি আলেকাসির বলেন, ইরানের শীর্ষ নেতা এমন একজন হওয়া উচিত যাকে দেশের শত্রুরা ঘৃণা করবে, প্রশংসা করবে না। ইরানের সর্বোচ্চ নেতার পদটি দেশটির রাজনীতি ও রাষ্ট্রীয় কাঠামোয় অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচিত হয়। এ পদে থাকা ব্যক্তিই সামরিক, রাজনৈতিক ও ধর্মীয় নীতিনির্ধারণে সর্বোচ্চ ক্ষমতার অধিকারী।