কক্সবাজারের চকরিয়ায় বিএনপির নেতা-কর্মীদের সঙ্গে বৈঠকে জাতীয় শৃঙ্খলা বজায় রাখার আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ। তিনি বলেছেন, “সবাইকে সুশৃঙ্খলভাবে থাকতে হবে। মানুষের সঙ্গে কোনো অনাচার, উচ্ছৃঙ্খলতা বা চাঁদাবাজি যেন না ঘটে। প্রশাসনকে সহযোগিতা করতে হবে।”
স্বরাষ্ট্রমন্ত্রী পদে দায়িত্ব গ্রহণের পর নিজের নির্বাচনী এলাকায় গতকাল দুপুরে প্রথমবারের মতো তিনি পৌঁছান। রাত পৌনে ১০টার দিকে চকরিয়া পৌরসভার সড়ক ও জনপদ বিভাগের ডাকবাংলোয় অবস্থানকালে স্থানীয় নেতা-কর্মীদের উদ্দেশে চট্টগ্রামের আঞ্চলিক ভাষায় দিকনির্দেশনা দেন। তিনি বলেন, “দেশে এমন সুশাসন প্রতিষ্ঠা করতে হবে, যাতে মানুষ অনুভব করে, বিএনপি দায়িত্বে এসে শান্তিতে থাকতে পারছে। উন্নয়ন, শৃঙ্খলা ও শান্তি নিশ্চিত হবে। সবাই জনগণের বন্ধু হিসেবে কাজ করবে এবং প্রশাসনকে সহযোগিতা করবে। উন্নয়নমূলক পরামর্শ দেবেন, বাকিটা আমি দেখব।”
চকরিয়ায় নেতাদের সঙ্গে মতবিনিময় শেষে রাত সাড়ে ১০টার দিকে তিনি নিজের গ্রামের বাড়ি পেকুয়ার সিকদারপাড়ায় যান এবং সেখানে মা-বাবার কবর জিয়ারত করেন। আজ সোমবার বেলা সাড়ে ১১টার দিকে তিনি কক্সবাজার জেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সমন্বয় সভায় অংশ নেবেন এবং কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করবেন। এরপর বেলা পৌনে তিনটায় তিনি ঢাকার জন্য ফ্লাইটে রওনা দেবেন।