মাদারীপুরের শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আগুনের ভয়ে দৌড়ে নিচে নামতে গিয়ে অন্তত ৫ জন আহত হয়েছেন। রোববার রাত ৯টার দিকে এই ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে গেলে আগুনের কোনো চিহ্ন পাওয়া যায়নি। আশ্বস্ত হওয়ার পর প্রায় দুই ঘণ্টা পর রোগী ও স্বজনরা আবার হাসপাতালের ভেতরে ফিরে যান।
হাসপাতাল সূত্রে জানা যায়, হাসপাতালের ষষ্ঠ তলায় এক রোগীকে অক্সিজেন দেওয়া হচ্ছিল সিলিন্ডারের মাধ্যমে। হঠাৎ সিলিন্ডার লিকেজের কারণে বিকট শব্দে অক্সিজেন বাইরে বের হতে থাকে। মুহূর্তের মধ্যে মহিলা ওয়ার্ডটি অন্ধকারাচ্ছন্ন হয়ে যায়। ভয়ে রোগী ও স্বজনেরা দ্রুত সিঁড়ি দিয়ে নিচে নেমে যায় এবং তাড়াহুড়োর কারণে অন্তত ৫ জন আহত হন।
হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা মো. ইব্রাহিম ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি সামাল দেন। রাত ১০টার দিকে ফায়ার সার্ভিসের একটি দল এসে আগুনের কোনো আলামত না দেখতে পেয়ে রোগী ও স্বজনদের আশ্বস্ত করে।
শিবচর ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা তপন কুমার ঘোষ বলেন, আগুনের আতঙ্কে তাড়াহুড়া করায় কয়েকজন আহত হয়েছেন, তবে বড় কোনো দুর্ঘটনা ঘটেনি এবং পরিস্থিতি দ্রুত স্বাভাবিক হয়েছে।