নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে সরকার দৃঢ় অবস্থানে রয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। রোববার (৮ মার্চ) রাজধানীর সোনারগাঁও হোটেলে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে শামা ওবায়েদ বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে “মাদার অব ডেমোক্রেসি” হিসেবে উল্লেখ করে তার প্রতি শ্রদ্ধা জানান। তিনি বলেন, দেশের গণতন্ত্র প্রতিষ্ঠা ও নারীর শিক্ষার প্রসারে খালেদা জিয়ার ভূমিকা ইতিহাসে গুরুত্বপূর্ণ হয়ে থাকবে।
এ সময় তিনি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের বিভিন্ন উদ্যোগের কথাও তুলে ধরেন। নারীর কর্মসংস্থান সম্প্রসারণ এবং নারী বিষয়ক প্রতিষ্ঠান গঠনে তার অবদান দেশের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে বলে মন্তব্য করেন প্রতিমন্ত্রী।
শামা ওবায়েদ আরও বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বর্তমান সরকার নারীর ক্ষমতায়ন ও উন্নয়নে নানা কর্মসূচি বাস্তবায়ন করছে। এর মধ্যে রয়েছে ফ্যামিলি ও ফার্মার্স কার্ড কর্মসূচি, নারী উদ্যোক্তাদের জন্য বিশেষ সহায়তা, মেয়েদের স্নাতকোত্তর পর্যন্ত বিনামূল্যে শিক্ষা, স্বাস্থ্যসেবা সম্প্রসারণ এবং আনুষ্ঠানিক অর্থনীতিতে নারীর অংশগ্রহণ বাড়ানোর উদ্যোগ।
অনুষ্ঠানে কূটনীতিক, রাজনীতিবিদ, সরকারি কর্মকর্তা, সুশীল সমাজের প্রতিনিধি এবং বিভিন্ন অঙ্গনের বিশিষ্ট নারী ব্যক্তিত্বরা অংশ নেন। সেখানে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ থেকে শুরু করে বর্তমান সময় পর্যন্ত দেশের উন্নয়ন ও সমাজ গঠনে নারীদের অবদানের প্রতি শ্রদ্ধা জানানো হয়।
এ সময় বক্তব্য দেন বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারা কুক এবং ইউএন উইমেনের কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ গীতাঞ্জলি সিং। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর কন্যা ব্যারিস্টার জাইমা রহমানসহ বিভিন্ন অঙ্গনের প্রতিনিধিরা।