পবিত্র ঈদুল ফিতর সামনে রেখে সাধারণ মানুষের জন্য নতুন নোট বাজারে ছাড়বে না বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক। ফলে এবারের ঈদে ব্যাংকগুলো থেকে নতুন টাকার নোট সংগ্রহের সুযোগ পাচ্ছেন না সাধারণ গ্রাহকরা।
তবে সাধারণ মানুষের জন্য নতুন নোট বিতরণ না হলেও বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের জন্য সীমিত পরিসরে নতুন নোট সরবরাহের ব্যবস্থা করা হয়েছে। এ সংক্রান্ত একটি অভ্যন্তরীণ আদেশ সম্প্রতি জারি করেছে কেন্দ্রীয় ব্যাংক।
জানা গেছে, রোববার (৮ মার্চ) থেকে বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীরা নতুন নোট সংগ্রহ করতে শুরু করেছেন। অফিস আদেশ অনুযায়ী, নির্বাহী পরিচালক, পরিচালক, অতিরিক্ত পরিচালক ও যুগ্ম পরিচালক পদমর্যাদার কর্মকর্তারা প্রত্যেকে সর্বোচ্চ ১ লাখ ৮৩ হাজার টাকার সমপরিমাণ নতুন নোট নিতে পারবেন।
অন্যদিকে, পরিচ্ছন্নতাকর্মীসহ অন্যান্য কর্মচারীদের জন্য নতুন নোট নেওয়ার সর্বোচ্চ সীমা নির্ধারণ করা হয়েছে ৬৮ হাজার টাকা।
বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা অনুযায়ী, ৮ মার্চ থেকে ১২ মার্চ পর্যন্ত কর্মকর্তা-কর্মচারীরা তাদের প্রয়োজন অনুযায়ী নির্ধারিত সীমার মধ্যে নতুন নোট সংগ্রহ করতে পারবেন।
এদিকে ঈদকে সামনে রেখে সাধারণ মানুষের জন্য নতুন নোট বিতরণ বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়ে ইতোমধ্যে বিভিন্ন মহলে আলোচনা তৈরি হয়েছে।