ইউএনডিপি বাংলাদেশের ট্রেড নেগোসিয়েশন সক্ষমতা বাড়াতে কর্মসূচি হাতে নিয়েছে
সোমবার (৯ মার্চ) বাণিজ্য মন্ত্রণালয়ে বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির ও জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি) বাংলাদেশস্থ কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ স্টিফান লিল্যারের মধ্যে বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকে ইউএনডিপির প্রতিনিধি বাংলাদেশের আন্তর্জাতিক বাণিজ্য সক্ষমতা বৃদ্ধি ও ট্রেড নেগোসিয়েশন দক্ষতা বাড়াতে প্রশিক্ষণ, কারিগরি সহায়তা এবং প্রাতিষ্ঠানিক সক্ষমতা উন্নয়নের বিভিন্ন কর্মসূচি গ্রহণের অঙ্গীকার করেন। বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, “বিশ্ব বাণিজ্য ব্যবস্থায় দ্রুত পরিবর্তনের প্রেক্ষাপটে দক্ষ ট্রেড নেগোসিয়েটর তৈরি করা অত্যন্ত জরুরি। এলডিসি উত্তরণের পর আন্তর্জাতিক বাণিজ্য চুক্তি ও আলোচনায় কার্যকরভাবে অংশগ্রহণের জন্য দক্ষ মানবসম্পদ গড়ে তোলা আমাদের জন্য অগ্রাধিকার।”
ইউএনডিপির কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ স্টিফান লিল্যার বলেন, “বাংলাদেশের সরকারি কর্মকর্তা ও সংশ্লিষ্ট স্টেকহোল্ডারদের জন্য বিশেষ প্রশিক্ষণ, কর্মশালা এবং জ্ঞান বিনিময় কার্যক্রমের মাধ্যমে ট্রেড নেগোসিয়েশন দক্ষতা বাড়াতে আমরা পূর্ণ প্রস্তুত।”
উভয় পক্ষ বাংলাদেশের টেকসই অর্থনৈতিক প্রবৃদ্ধি, আন্তর্জাতিক বাণিজ্যে প্রতিযোগিতা সক্ষমতা বৃদ্ধি এবং এলডিসি উত্তরণের পরবর্তী চ্যালেঞ্জ মোকাবেলায় ঘনিষ্ঠ সহযোগিতা অব্যাহত রাখার বিষয়ে একমত হন।
বৈঠকে উপস্থিত ছিলেন বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব রপ্তানি মো. আবদুর রহিম খান এবং ইউএনডিপির সংশ্লিষ্ট কর্মকর্তারা।