বেনাপোল স্থলবন্দরে ঘোষণা বহির্ভূত ও আমদানি নিষিদ্ধ প্রায় কোটি টাকা মূল্যের ১৭ মেট্রিক টন পাট বীজ আটক করা হয়েছে।
সোমবার (৯ মার্চ) দুপুরে বেনাপোল বন্দরের ১৫ নং শেডে উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তারা গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে এই পাট বীজ জব্দ করেন।
বেনাপোল স্থলবন্দর উদ্ভিদ সংরক্ষণ কেন্দ্রের উপপরিচালক আবু তালহা জানান, গত ৮ মার্চ বেনাপোল বন্দরের মাধ্যমে আমদানিকারক প্রতিষ্ঠান আরাফাত এন্টারপ্রাইজ ভারত থেকে ৪৫ মেট্রিক টন ‘ঘাস বীজ’ হিসেবে আমদানি করে। পরে গোপন সংবাদে অভিযান চালিয়ে ১৭ মেট্রিক টন পাট বীজ আটক করা হয়। তিনি বলেন, মিথ্যা ঘোষণার কারণে আমদানিকারকের বিরুদ্ধে আইনী ব্যবস্থা নেওয়া হচ্ছে।
এ বিষয়ে স্থানীয় কৃষক ও সচেতন নাগরিকরা অভিযোগ করেন, পরীক্ষা-নীরিক্ষা ছাড়াই নিম্নমানের বীজ দেশে প্রবেশ করায় কৃষি খাত ঝুঁকির মুখে পড়ছে এবং সরকার রাজস্ব ক্ষতিগ্রস্ত হচ্ছে। তারা দুষ্কৃতিকারী ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের দাবি জানান।