রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় সিটি কর্পোরেশনের মার্কেটের ভেতরে জাতীয়তাবাদী শ্রমিক দলের এক কর্মী মো. অপু পায়ের রগ কেটে ও শরীরে কোপের আঘাত দিয়ে হত্যা করা হয়েছে।
সোমবার (৯ মার্চ) সকালে যাত্রাবাড়ী সিটি কর্পোরেশন মার্কেটের ভেতরের একটি ঘর থেকে মরদেহ উদ্ধার করা হয়। নিহত মো. অপু স্থানীয় একটি মাছের আড়তে কর্মরত ছিলেন।
নিহতের ভাগিনা রিপন জানান, “আমার মামা যাত্রাবাড়ীর একটি মাছের আড়তে কাজ করতেন। তিনি বিএনপির শ্রমিক দলের সদস্য ছিলেন। আমাদের এখনও জানা নেই, কে ও কেন এই হত্যাকাণ্ড ঘটিয়েছে।”
যাত্রাবাড়ী থানার উপ-পরিদর্শক (এসআই) জুয়েল রানা জানান, খবর পেয়ে রোববার রাত সাড়ে ১২টার দিকে মরদেহ উদ্ধার করা হয়। পরে আইনি প্রক্রিয়া সম্পন্ন করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।
এসআই জুয়েল রানা আরও বলেন, প্রাথমিক তথ্য অনুযায়ী, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এই হত্যাকাণ্ড ঘটতে পারে। নিহতের শরীরে আঘাতের চিহ্ন এবং পায়ের রগ কাটা অবস্থায় পাওয়া গেছে। পুলিশ ঘটনায় জড়িতদের খুঁজে বের করতে তদন্ত অব্যাহত রেখেছে।