নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়ন এবং সাধারণ মানুষের জীবনমান উন্নয়নের লক্ষ্যে সরকার গঠনের তিন সপ্তাহের মাথায় ফ্যামিলি কার্ডের পাইলট প্রকল্প চালু করতে যাচ্ছে সরকার। প্রথম ধাপে দেশের বিভিন্ন এলাকার ৩৭ হাজার ৫৬৭ জন নারীপ্রধান পরিবার এ কর্মসূচির আওতায় ভাতা পাবেন।
মঙ্গলবার (১০ মার্চ) সকাল ১০টায় রাজধানীর বনানীর টিঅ্যান্ডটি খেলার মাঠে (কড়াইল বস্তি সংলগ্ন) প্রধানমন্ত্রী তারেক রহমান এই কর্মসূচির উদ্বোধন করবেন। উদ্বোধনের সঙ্গে সঙ্গে উপকারভোগী নারীদের ব্যাংক হিসাব অথবা মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিসের মাধ্যমে ভাতার অর্থ পাঠানো হবে।
সরকার জানিয়েছে, প্রকল্প বাস্তবায়নে স্বচ্ছতা নিশ্চিত করতে জিরো টলারেন্স নীতি অনুসরণ করা হচ্ছে।
প্রাথমিক পর্যায়ে রাজধানীর কড়াইল ও ভাসানটেক বাগানবাড়ি বস্তি, রাজবাড়ীর পাংশা, চট্টগ্রামের পটিয়া এবং ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরসহ দেশের ১৪টি এলাকায় এ কর্মসূচি চালু হচ্ছে। নির্বাচিত নারীপ্রধান পরিবারগুলো মাসে ২ হাজার ৫০০ টাকা করে ভাতা পাবেন। এ সময় তারা অন্য কোনো সরকারি ভাতা পাবেন না, তবে পরিবারের অন্য সদস্যদের প্রাপ্ত সুবিধা বহাল থাকবে।
পাইলট প্রকল্পটি দেশের ১৩টি জেলা ও বিভিন্ন সিটি করপোরেশন ও ইউনিয়নের ১৫টি ওয়ার্ডে বাস্তবায়ন করা হচ্ছে। এসব এলাকার মধ্যে রয়েছে বান্দরবানের লামা, খুলনার খালিশপুর, ভোলার চরফ্যাসন, সুনামগঞ্জের দিরাই, কিশোরগঞ্জের ভৈরব, বগুড়া সদর, নাটোরের লালপুর, ঠাকুরগাঁও সদর ও দিনাজপুরের নবাবগঞ্জ।
উপকারভোগী নির্বাচন প্রক্রিয়ায় ওয়ার্ড, ইউনিয়ন, উপজেলা ও জেলা পর্যায়ে বিভিন্ন সরকারি দপ্তরের প্রতিনিধিদের সমন্বয়ে কমিটি গঠন করা হয়। তারা বাড়ি বাড়ি গিয়ে পরিবারের আর্থসামাজিক অবস্থা, সদস্যসংখ্যা, শিক্ষা, বাসস্থান, গৃহস্থালির সামগ্রী এবং রেমিট্যান্সসহ বিভিন্ন তথ্য সংগ্রহ করেন।
পাইলট পর্যায়ে ৬৭ হাজার ৮৫৪টি নারীপ্রধান পরিবারের তথ্য সংগ্রহ করা হয়। পরে সফটওয়্যারের মাধ্যমে দারিদ্র্য সূচক নির্ধারণ করে পরিবারগুলোকে বিভিন্ন শ্রেণিতে ভাগ করা হয়। যাচাই-বাছাই শেষে ৩৭ হাজার ৫৬৭ জন নারীপ্রধান পরিবারকে চূড়ান্তভাবে ভাতা প্রদানের জন্য নির্বাচিত করা হয়েছে।
সোমবার (৯ মার্চ) সচিবালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সমাজকল্যাণ মন্ত্রী এ জেড এম জাহিদ হোসেন জানান, পাইলট পর্যায়ে উপকারভোগীরা মাসিক ২ হাজার ৫০০ টাকা ভাতা পাবেন। ভবিষ্যতে এ কর্মসূচির আওতায় সমমূল্যের খাদ্য সহায়তাও দেওয়ার বিষয়টি বিবেচনা করা হবে।