আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য এ বি এম ফজলে করিম চৌধুরীকে জামিনে মুক্তি পাইয়ে দেওয়ার বিনিময়ে তাঁর পরিবারের কাছে ১ কোটি টাকা দাবি করা হয়েছে-এমন অভিযোগ উঠেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের (আইসিটি) এক প্রসিকিউটরের বিরুদ্ধে।
হোয়াটসঅ্যাপ কথোপকথনের একাধিক অডিও রেকর্ডিংয়ে এ ধরনের দাবি করার ইঙ্গিত পাওয়া গেছে বলে জানিয়েছে গণমাধ্যমে। সংশ্লিষ্ট প্রতিবেদনে বলা হয়েছে, রেকর্ডিংগুলো তারা সংগ্রহ করে যাচাই করেছে।
রেকর্ডিংগুলোতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মামলায় দায়িত্বপ্রাপ্ত প্রসিকিউটর মো. সাইমুম রেজা তালুকদারকে ফজলে করিম চৌধুরীর পরিবারের সদস্যদের সঙ্গে কথোপকথন করতে শোনা যায় বলে দাবি করা হয়েছে। অডিওর এক পর্যায়ে ওই প্রসিকিউটরকে বলতে শোনা যায়, যদি তিনি ফজলে করিম চৌধুরীকে জামিনে মুক্ত করতে সক্ষম হন, তাহলে একটি “ভালো অঙ্কের” অর্থের বিষয় থাকবে। সেখানে তিনি ১ কোটি টাকার কথা উল্লেখ করেন বলে প্রতিবেদনে বলা হয়েছে।
এছাড়া কথোপকথনের একটি অংশে ১০ লাখ টাকা অগ্রিম দেওয়ার অনুরোধ করা হয়েছে বলেও উল্লেখ রয়েছে। ওই অর্থ নগদে দিলে ভালো হবে-এমন কথাও বলা হয়েছে বলে দাবি করা হয়েছে।
উল্লেখ্য, চট্টগ্রাম-৬ আসনের সাবেক সংসদ সদস্য এ বি এম ফজলে করিম চৌধুরীর বিরুদ্ধে ২০২৪ সালের জুলাই মাসে চট্টগ্রাম শহরে শিক্ষার্থীদের বৈষম্যবিরোধী আন্দোলনের সময় সংঘটিত হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মানবতাবিরোধী অপরাধের মামলা রয়েছে।
তিনি ২০২৪ সালের ১২ সেপ্টেম্বর গ্রেপ্তার হন এবং এরপর থেকে কারাগারে আছেন। অডিও রেকর্ডিং সংক্রান্ত অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট প্রসিকিউটরের আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।