জাতীয় সংসদের ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশনে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ ও ঐতিহাসিক সিদ্ধান্ত নেওয়া হতে পারে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। বৃহস্পতিবার (১২ মার্চ) শুরু হতে যাওয়া অধিবেশনকে সামনে রেখে এমন ইঙ্গিত দেন তিনি।
বুধবার (১১ মার্চ) প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমানের সভাপতিত্বে সরকারদলীয় সংসদ সদস্যদের একটি বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আগামীকালের অধিবেশনে একাধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আসতে পারে। তিনি জানান, অধিবেশন শুরুর পর সংসদ নেতা স্বাগত বক্তব্য দেবেন এবং কে প্রথম বৈঠকে সভাপতিত্ব করবেন, সে বিষয়টি সংসদে উপস্থাপন করবেন।
সালাহউদ্দিন আহমদ বলেন, সংসদের বিধি অনুযায়ী পরবর্তীতে স্পিকার ও ডেপুটি স্পিকার শপথ গ্রহণ করবেন। তিনি আরও জানান, ১৫ মার্চ পর্যন্ত অধিবেশন চলতে পারে এবং এরপর সংসদে সাময়িক বিরতি দেওয়া হতে পারে। স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, সংসদ কার্যক্রমে জনগণের প্রত্যাশা, শহীদদের আকাঙ্ক্ষা এবং ‘জুলাই সনদ’-এ যেসব বিষয়ে ঐকমত্য হয়েছে, সেগুলো প্রতিফলিত করার চেষ্টা থাকবে।
এদিকে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, স্পিকার ও ডেপুটি স্পিকারের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত সংসদ নেতা গ্রহণ করবেন।