প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমানের সঙ্গে বৈঠক শেষে চিফ হুইপ নুরুল ইসলাম মনি জানিয়েছেন, সরকার একটি কার্যকর ও প্রাণবন্ত সংসদ গড়ে তুলতে চায়। তিনি বলেন, আলোচনা ও পারস্পরিক সহযোগিতার মাধ্যমে দেশের বিভিন্ন সমস্যার সমাধান খোঁজা হবে এবং এ ক্ষেত্রে বিরোধী দলের গঠনমূলক ভূমিকা প্রত্যাশা করা হচ্ছে।
বুধবার (১১ মার্চ) জাতীয় সংসদ সচিবালয়ের পশ্চিম ব্লকে সরকারদলীয় সংসদ সদস্যদের সঙ্গে বৈঠক করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন চিফ হুইপ। তিনি জানান, সংসদের প্রথম অধিবেশনে প্রধানমন্ত্রী যাকে মনোনীত করবেন, তিনিই সভাপতিত্ব করবেন। এরপর আনুষ্ঠানিকভাবে অধিবেশন শুরু হবে এবং পরবর্তী সময়ে স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচনের প্রক্রিয়া সম্পন্ন হবে।
নুরুল ইসলাম মনি আরও বলেন, এখন পর্যন্ত বিরোধী দল থেকে ডেপুটি স্পিকারের পদ নিয়ে কোনো প্রস্তাব পাওয়া যায়নি।
এর আগে বেলা ১১টার দিকে জাতীয় সংসদ সচিবালয়ের পশ্চিম ব্লকে অনুষ্ঠিত বৈঠকে সরকারদলীয় সংসদ সদস্যরা অংশ নেন। ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু হওয়ার আগের দিন হওয়ায় বৈঠকটি রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে।
সূত্র জানায়, নতুন সংসদের প্রথম অধিবেশনে বিরোধী দলের সম্ভাব্য ভূমিকা মোকাবিলা এবং সরকারদলীয় সংসদ সদস্যদের মধ্যে সমন্বয় ও সংহতি বজায় রাখাই বৈঠকের অন্যতম উদ্দেশ্য ছিল। প্রধানমন্ত্রী তারেক রহমান সংসদ নেতা হিসেবে দায়িত্ব নেওয়ার পর এটি পূর্ণাঙ্গ সংসদের প্রথম অধিবেশনপূর্ব আনুষ্ঠানিক দলীয় বৈঠক।
সংসদীয় রীতি অনুযায়ী অধিবেশন শুরুর আগে সরকার ও বিরোধী দল নিজেদের কৌশল নির্ধারণ করতে পৃথক বৈঠক করে থাকে।