গাজীপুরের শ্রীপুর উপজেলার মাওনা চৌরাস্তায় বৈদ্যুতিক ট্রান্সফরমার বিস্ফোরণের পর একটি বাণিজ্যিক ভবনে আগুন লাগার ঘটনা ঘটেছে। বুধবার রাত প্রায় ১১টার দিকে এ ঘটনা ঘটে। এতে তিনজন দগ্ধ হয়েছেন। ঈদকে সামনে রেখে আশপাশের মার্কেটগুলোতে ক্রেতাদের ভিড় থাকায় আগুন লাগার ঘটনায় পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
দগ্ধরা হলেন রবিউল ইসলাম (২৫), জাকির হোসেন (৩২) ও মো. ইয়াসিন (৩৭)। স্থানীয়রা তাদের উদ্ধার করে প্রথমে মাওনার আল হেরা হাসপাতালে নিয়ে যান। পরে উন্নত চিকিৎসার জন্য রাতেই ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে পাঠানো হয়।
প্রত্যক্ষদর্শী ও ফায়ার সার্ভিস সূত্র জানায়, মাওনা চৌরাস্তার ‘আ. সাহিদ সুপার ভিউ’ নামের একটি বাণিজ্যিক ভবনের সামনে থাকা বৈদ্যুতিক খুঁটির ট্রান্সফরমার হঠাৎ বিকট শব্দে বিস্ফোরিত হয়। ভবনটিতে একটি ব্যাংকসহ বিভিন্ন ব্যবসাপ্রতিষ্ঠান রয়েছে। বিস্ফোরণের পর আগুনের ফুলকি চারদিকে ছড়িয়ে পড়ে এবং ভবনের একাংশে আগুন ধরে যায়। অল্প সময়ের মধ্যেই কালো ধোঁয়ায় ঢেকে যায় আশপাশের এলাকা।
আগুনের শিখা দেখে ভবনের ভেতরে থাকা মানুষজন দ্রুত নিচে নামতে শুরু করলে হুড়োহুড়ির মধ্যে কয়েকজন সামান্য আহত হন। এ সময় মাওনা-শ্রীপুর সড়কে প্রায় এক ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে। স্থানীয় বাসিন্দা ও একটি ব্যাংকের কর্মকর্তা মো. ওয়াসিম বলেন, আগুন দ্রুত বড় আকার নিতে পারত এবং বড় ধরনের ক্ষতির আশঙ্কা ছিল। তবে আশপাশের ব্যবসায়ীদের তাৎক্ষণিক উদ্যোগে আগুন ছড়িয়ে পড়া থেকে রক্ষা পাওয়া গেছে। আগুন লাগার সঙ্গে সঙ্গেই বিভিন্ন দোকান থেকে অগ্নিনির্বাপণ যন্ত্র এনে ব্যবসায়ীরা প্রাথমিকভাবে আগুন নেভানোর চেষ্টা করেন।
স্থানীয় বাসিন্দা ইমরান হাসান জানান, আগুনের খবর ছড়িয়ে পড়তেই সেখানে উৎসুক মানুষের ভিড় বাড়তে থাকে। এতে শুরুতে ফায়ার সার্ভিসের গাড়ি ঢুকতে কিছুটা সমস্যা হয়। পরে স্থানীয়রা ভিড় সরিয়ে দিলে দ্রুত আগুন নেভানোর কাজ শুরু করা সম্ভব হয়। শ্রীপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মকর্তা নূরুল করিম বলেন, খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে নির্ধারণ করা যায়নি।
এনআর-