ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনকে সামনে রেখে আমন্ত্রিত অতিথিদের প্রবেশ ও গাড়ি পার্কিং নিয়ে বিশেষ নির্দেশনা দিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগ। বুধবার (১১ মার্চ) এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব নির্দেশনা জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী বৃহস্পতিবার (১২ মার্চ) অনুষ্ঠেয় সংসদের প্রথম অধিবেশনে অংশ নিতে আমন্ত্রিত অতিথিরা সংসদ ভবনে প্রবেশ করতে পারবেন মনিপুরীপাড়া গেট (৬ নম্বর), বকুলতলা গেট (১২ নম্বর) এবং আসাদগেট (১ নম্বর) দিয়ে।
যানজট এড়াতে এবং দ্রুত প্রবেশ নিশ্চিত করতে অতিথিদের মনিপুরীপাড়া গেট ব্যবহার না করে বকুলতলা গেট ও আসাদগেট দিয়ে সংসদ ভবনে ঢোকার অনুরোধ জানানো হয়েছে। আমন্ত্রণপত্রের সঙ্গে দেওয়া গাড়ির স্টিকার-পদ্মা, মেঘনা, যমুনা, শাপলা, বকুল, শিউলি ও শিমুল-অনুযায়ী নির্ধারিত স্থানে গাড়ি পার্কিং করতে হবে।
ডিএমপি জানায়, পদ্মা, মেঘনা, যমুনা ও শাপলা স্টিকারযুক্ত গাড়ি সংসদ ভবনের ভেতরে বিভিন্ন স্থানে পার্ক করা যাবে। আর বকুল, শিমুল ও শিউলি স্টিকারধারী গাড়ির জন্য পার্কিংয়ের ব্যবস্থা রাখা হয়েছে পুরাতন বাণিজ্যমেলা মাঠে।
এছাড়া ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার যানবাহন মানিক মিয়া অ্যাভিনিউয়ের মূল সড়কে এক লাইনে পার্ক করার নির্দেশনা দেওয়া হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, আমন্ত্রিত অতিথিদের টানেল রোডে গাড়ি থেকে নেমে সংসদ ভবনে প্রবেশ করতে হবে। এ সময় যানবাহন নামানোর ক্ষেত্রে যতটা সম্ভব কম সময় নেওয়ার অনুরোধ করা হয়েছে। একই সঙ্গে চালক বা সঙ্গীয় ব্যক্তিদের গাড়ি থেকে না নামার জন্যও অনুরোধ জানিয়েছে ট্রাফিক বিভাগ।