ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন চলাকালে দর্শক গ্যালারিতে উপস্থিত ছিলেন সাবেক অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ও নোবেলজয়ী অর্থনীতিবিদ অধ্যাপক মুহাম্মদ ইউনূস। তার সঙ্গে সেখানে প্রধানমন্ত্রীর পরিবারের কয়েকজন সদস্যও উপস্থিত ছিলেন।
বৃহস্পতিবার (১২ মার্চ) প্রধানমন্ত্রীর কার্যালয় ও বিএনপির ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত ছবিতে দেখা যায়, গ্যালারিতে অধ্যাপক ইউনূসের পাশেই বসেছেন প্রধানমন্ত্রীর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান এবং তাদের মেয়ে জাইমা রহমান। এ সময় উপস্থিত ছিলেন বিএনপির সাবেক চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ছোট ছেলে প্রয়াত আরাফাত রহমান কোকোর স্ত্রী সৈয়দা শামিলা রহমানও।
অধিবেশন চলাকালে তারা দর্শক গ্যালারিতে বসে সংসদের কার্যক্রম পর্যবেক্ষণ করেন। এর আগে বৃহস্পতিবার সকালে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু হয়। বেলা ১১টা ৫ মিনিটে পবিত্র কোরআন তিলাওয়াতের মধ্য দিয়ে অধিবেশন শুরু হলেও তখন স্পিকারের আসন ফাঁকা ছিল।
সাধারণ নিয়ম অনুযায়ী বিদায়ী সংসদের স্পিকার বা ডেপুটি স্পিকারের সভাপতিত্বে নতুন সংসদের প্রথম অধিবেশন শুরু হয় এবং তার তত্ত্বাবধানে নতুন স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচন অনুষ্ঠিত হয়। তবে এবারের অধিবেশন শুরুতে সেই প্রচলিত প্রথার কিছুটা ব্যতিক্রম লক্ষ্য করা গেছে।