ঢাকায় এক পথচারীকে প্রকাশ্যে মারধর ও কটূক্তির অভিযোগে রাশিয়ান বংশোদ্ভূত বাংলাদেশি মডেল ও সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার মনিকা কবিরের বিরুদ্ধে আদালতে মামলা দায়ের করা হয়েছে।
বৃহস্পতিবার ঢাকা জেলা দক্ষিণের ছাত্র অধিকার পরিষদের সভাপতি সাজ্জাদ আল ইসলাম ঢাকার একটি আদালতে এ মামলার আবেদন করেন। ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জাকির হোসাইন বাদীর জবানবন্দি গ্রহণ করে অভিযোগের বিষয়ে তদন্তের নির্দেশ দিয়েছেন। তিনি গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) বিষয়টি তদন্ত করে প্রতিবেদন দেওয়ার নির্দেশ দেন। বাদী সাজ্জাদ আল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
মামলার অভিযোগে বলা হয়, গত মঙ্গলবার বিকেল সাড়ে ৪টার দিকে গুলশান-২ এলাকার রয়েল ব্লু ভবনের বিপরীত পাশে এক বৃদ্ধ পথচারী হাঁটছিলেন। এ সময় মনিকা কবির রাস্তার মাঝখানে দাঁড়িয়ে টিকটকের জন্য ভিডিও ধারণ করছিলেন। একপর্যায়ে ওই বৃদ্ধের ব্যাগের একটি অংশ তার গায়ে লাগলে তিনি ক্ষুব্ধ হয়ে বৃদ্ধকে ধাক্কা দেন এবং ব্যাগ ছুড়ে মারেন বলে অভিযোগে উল্লেখ করা হয়।
এছাড়া অভিযোগে বলা হয়েছে, ঘটনার সময় ইচ্ছাকৃতভাবে ভিডিও ধারণ করা হয় এবং পরে তা সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়া হয়। এতে ভুক্তভোগী ব্যক্তি অপমানিত ও সামাজিকভাবে হেয় প্রতিপন্ন হয়েছেন বলে মামলায় উল্লেখ করা হয়েছে।