পবিত্র ঈদুল ফিতর শেষে কর্মস্থলে ফেরা যাত্রীদের সুবিধার্থে অগ্রিম টিকিট বিক্রি শুরু করেছে বাংলাদেশ রেলওয়ে। আগের মতো এবারও সব টিকিট অনলাইনের মাধ্যমে বিক্রি করা হচ্ছে।
শুক্রবার (১৩ মার্চ) সকাল ৮টা থেকে ঈদ ফেরত যাত্রার অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়। পরদিন শনিবার (১৪ মার্চ) সকাল ৮টা থেকে দ্বিতীয় দিনের ফিরতি যাত্রার টিকিট বিক্রি শুরু হয়েছে।
রেলওয়ের নতুন সূচি অনুযায়ী, প্রতিদিন সকাল ৮টা থেকে পশ্চিমাঞ্চলের সব আন্তঃনগর ট্রেনের টিকিট বিক্রি শুরু হচ্ছে। আর একই দিন দুপুর ২টা থেকে পূর্বাঞ্চলের আন্তঃনগর ট্রেনগুলোর অগ্রিম টিকিট বিক্রি করা হচ্ছে। যাত্রীদের সুবিধার্থে এবারও সাত দিন আগে বিশেষ ব্যবস্থায় এসব টিকিট বিক্রি করা হচ্ছে।
ঘোষিত সময়সূচি অনুযায়ী, ২৫ মার্চের যাত্রার টিকিট বিক্রি হবে ১৫ মার্চ, ২৬ মার্চের টিকিট ১৬ মার্চ, ২৭ মার্চের টিকিট ১৭ মার্চ, ২৮ মার্চের টিকিট ১৮ মার্চ এবং ২৯ মার্চের টিকিট ১৯ মার্চ বিক্রি করা হবে।
এছাড়া ঈদের চাঁদ দেখার ওপর নির্ভর করে ২০, ২১ ও ২২ মার্চের যাত্রার টিকিট বিক্রির বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছে বাংলাদেশ রেলওয়ে।
যাত্রীদের জন্য কিছু নির্দিষ্ট শর্তও নির্ধারণ করা হয়েছে। একজন যাত্রী ঈদ ফেরত যাত্রার অগ্রিম টিকিট একবারই কিনতে পারবেন এবং সর্বোচ্চ চারটি আসন সংগ্রহ করতে পারবেন। কেনা টিকিট ফেরত দেওয়া যাবে না।
তবে যাত্রীদের সুবিধার কথা বিবেচনায় রেখে নন-এসি কোচের ২৫ শতাংশ আসন দাঁড়িয়ে যাত্রার জন্য সংরক্ষণ রাখা হয়েছে। এসব টিকিট যাত্রার আগে সংশ্লিষ্ট ট্রেনের প্রারম্ভিক স্টেশন থেকে সংগ্রহ করা যাবে।