জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, অতীতে জনগণের ভোট সঠিকভাবে রক্ষা করা সম্ভব হয়নি বলেই তা কেড়ে নেওয়া হয়েছে। এই দায় শুধু প্রতিপক্ষের নয়, নিজেদেরও রয়েছে বলে মন্তব্য করেন তিনি।
শুক্রবার (১৩ মার্চ) সন্ধ্যায় পঞ্চগড় সদর উপজেলার হিমালয় পার্কে এনসিপির জেলা শাখার আয়োজিত ইফতার মাহফিলে বক্তব্য রাখতে গিয়ে তিনি এসব কথা বলেন।
সারজিস আলম বলেন, সামনে স্থানীয় সরকার নির্বাচন রয়েছে। তাই প্রতিটি ভোটকেন্দ্রে নিজেদের ভোট সুরক্ষিত রাখতে হবে। কোনো কেন্দ্রে যদি ১০ জন সমর্থক থাকে, সেই ১০টি ভোট যেমন রক্ষা করতে হবে, তেমনি ১০০ জনের মধ্যে ৯০টি ভোট থাকলেও সেগুলো যেন সঠিকভাবে গণনা হয় তা নিশ্চিত করতে হবে। তার মতে, জাতীয় নির্বাচনে ভোট গণনায় প্রভাব বিস্তার করে গুরুত্বপূর্ণ কিছু বিজয় হাতছাড়া হয়েছে।
তিনি আরও বলেন, বর্তমানে ১১ দলীয় ঐক্যজোট বিরোধী দল হিসেবে সংসদে রয়েছে। স্থানীয় নির্বাচন একসঙ্গে হবে নাকি আলাদাভাবে-তা এখনো নিশ্চিত নয়। তবে জনগণ যে আস্থা ও প্রত্যাশা নিয়ে ভোট দেয়, সেই আমানত রক্ষা করা সবার দায়িত্ব। প্রয়োজনে ত্যাগ স্বীকার করেও ভোটের অধিকার সুরক্ষিত রাখতে হবে।
সারজিস আলম বলেন, দেশের মানুষ পরিবর্তন চায় এবং সেই পরিবর্তনের জন্য রাজপথে আন্দোলনের নেতৃত্ব দিতে হবে। নেতৃত্ব দিতে পারলে দ্রুতই কাঙ্ক্ষিত পরিবর্তন আসবে বলে তিনি আশা প্রকাশ করেন।
তিনি আরও বলেন, ভয় পেয়ে পিছিয়ে পড়লে প্রতিপক্ষ শক্তিশালী হয়ে ওঠে। তাই সাহসের সঙ্গে পরিস্থিতি মোকাবিলা করতে হবে। তার ভাষায়, সাহস ভয়ের চেয়েও বেশি সংক্রামক-একজন এগিয়ে এলে অন্যরাও অনুপ্রাণিত হয়।
স্থানীয় নির্বাচনের প্রস্তুতি নিতে নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, দলের ভেতর থেকেই ভবিষ্যৎ নেতৃত্ব তৈরি করতে হবে। কেউ মেম্বার, কেউ চেয়ারম্যান, কেউ উপজেলা চেয়ারম্যান বা জেলা পরিষদের চেয়ারম্যান হওয়ার জন্য এখন থেকেই প্রস্তুতি নিতে হবে।