লেবাননের দক্ষিণাঞ্চলে ইসরায়েলি বিমান হামলায় অন্তত ১২ জন চিকিৎসাকর্মী নিহত হয়েছেন। শনিবার দেশটির স্বাস্থ্য কর্তৃপক্ষের বরাত দিয়ে আন্তর্জাতিক সংবাদমাধ্যম এএফপি এ তথ্য জানিয়েছে।
প্রতিবেদনে বলা হয়, দক্ষিণ লেবাননের বুর্জ কালাউইয়া শহরের একটি স্বাস্থ্যকেন্দ্র লক্ষ্য করে চালানো হামলায় চিকিৎসক, প্যারামেডিক ও নার্সসহ মোট ১২ জন নিহত হন। হামলার সময় তারা আহতদের সেবা দেওয়ার কাজে নিয়োজিত ছিলেন বলে জানায় স্থানীয় কর্তৃপক্ষ।
এর আগে দক্ষিণ লেবাননের সাওয়ানেহ শহরে পৃথক আরেকটি হামলার ঘটনাও ঘটে। ওই হামলায় হিজবুল্লাহ এবং তাদের মিত্র সংগঠন আমাল মুভমেন্টের সঙ্গে সংশ্লিষ্ট দুইজন প্যারামেডিক নিহত হন বলে জানা গেছে।
অন্যদিকে মধ্যপ্রাচ্যের উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যে ইরানের উপকূলবর্তী হরমুজ প্রণালির কাছে অবস্থিত খারগ দ্বীপে বিমান হামলার ঘোষণা দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ‘ট্রুথ সোশ্যাল’-এ দেওয়া এক পোস্টে ট্রাম্প দাবি করেন, মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) মধ্যপ্রাচ্যের ইতিহাসে অন্যতম শক্তিশালী বিমান হামলা চালিয়েছে। তার ভাষ্য অনুযায়ী, ইরানের ‘মুকুটের মণি’ হিসেবে পরিচিত খারগ দ্বীপে থাকা সব সামরিক লক্ষ্যবস্তু ধ্বংস করা হয়েছে।
আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল জাজিরা ও দ্য গার্ডিয়ানের প্রতিবেদনে বলা হয়েছে, মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার প্রেক্ষাপটে এ ধরনের হামলা পরিস্থিতিকে আরও জটিল করে তুলতে পারে।