রাজবাড়ীর গোয়ালন্দে একটি বিদেশি পিস্তল, দুটি ম্যাগাজিন ও চার রাউন্ড গুলিসহ নুর মোহাম্মাদ (৫২) নামে এক ব্যক্তিকে আটক করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। শনিবার বিকেলে ঢাকা-খুলনা মহাসড়কের উত্তর দৌলতদিয়া এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
আটক নুর মোহাম্মাদ কুষ্টিয়া জেলার দৌলতপুর উপজেলার বাংলাবাজার এলাকার মৃত আনোয়ার ব্যাপারীর ছেলে।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা শাখার একটি দল রাজবাড়ীর গোয়ালন্দঘাট থানার উত্তর দৌলতদিয়া এলাকায় ঢাকা-খুলনা মহাসড়কের ওপর অবস্থিত বাংলাদেশ হ্যাচারীর সামনে অভিযান চালায়। এ সময় একটি লোকাল বাসে তল্লাশি চালিয়ে নুর মোহাম্মাদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল, দুটি ম্যাগাজিন ও চার রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
জেলা গোয়েন্দা শাখার (ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মফিজুল ইসলাম বলেন, আটক ব্যক্তির বিরুদ্ধে গোয়ালন্দঘাট থানায় অস্ত্র আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, উদ্ধার হওয়া অস্ত্রটি কুষ্টিয়া থেকে ঢাকার নবীনগর এলাকায় নেওয়ার উদ্দেশ্যে বহন করা হচ্ছিল।