ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে রাষ্ট্রপতির ভাষণের ওপর মোট ৫০ ঘণ্টা আলোচনা করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শনিবার জাতীয় সংসদ ভবনের কেবিনেট কক্ষে অনুষ্ঠিত সংসদের কার্য উপদেষ্টা কমিটির প্রথম বৈঠকে এ সিদ্ধান্ত গৃহীত হয়।
বৈঠকে প্রথম অধিবেশনের কার্যক্রম সম্পন্নের জন্য সময় নির্ধারণ এবং অধিবেশনের স্থায়িত্বকাল নিয়ে আলোচনা হয়। সেখানে রাষ্ট্রপতির ভাষণের ওপর দীর্ঘ আলোচনা নিশ্চিত করতে ৫০ ঘণ্টা সময় বরাদ্দের সিদ্ধান্ত নেওয়া হয়।
সিদ্ধান্ত অনুযায়ী, সরকারি ছুটির দিন ছাড়া প্রতিদিন বেলা ৩টায় সংসদের অধিবেশন শুরু হবে। চলতি অধিবেশন আগামী ৩০ এপ্রিল পর্যন্ত চলবে বলে বৈঠকে জানানো হয়। প্রয়োজনে অধিবেশনের সময়সূচি ও কার্যদিবসে পরিবর্তন আনার ক্ষমতা স্পিকারের ওপর ন্যস্ত করা হয়েছে।
এ অধিবেশনে সংসদ সদস্যদের পক্ষ থেকে প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে ৮টি প্রশ্ন এবং অন্যান্য মন্ত্রীদের উদ্দেশ্যে ৪৬০টি প্রশ্ন জমা পড়েছে। সব মিলিয়ে প্রশ্নের সংখ্যা দাঁড়িয়েছে ৪৬৮টি। এছাড়া বিধি-৭১ অনুযায়ী মনোযোগ আকর্ষণের ২৭টি নোটিশ এবং বিধি-১৩১ অনুযায়ী সিদ্ধান্ত-প্রস্তাবের ৯৭টি নোটিশ পাওয়া গেছে।
স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রমের সভাপতিত্বে অনুষ্ঠিত এ বৈঠকে সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমান, বিরোধীদলীয় নেতা ডা. মো. শফিকুর রহমান, ড. খন্দকার মোশাররফ হোসেন, স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর, অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, চিফ হুইপ মো. নূরুল ইসলাম, আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান, এ টি এম আজহারুল ইসলাম, বিরোধীদলের চিফ হুইপ মো. নাহিদ ইসলাম এবং মুহাম্মদ নওশাদ জমির উপস্থিত ছিলেন।
এ ছাড়া স্পিকারের বিশেষ আমন্ত্রণে বৈঠকে অংশ নেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল।