ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন আগামী ৩০ এপ্রিল পর্যন্ত অনুষ্ঠিত হবে। সরকারি ছুটির দিন ব্যতীত প্রতিদিন বিকেল ৩টায় অধিবেশন বসবে। আজ শনিবার সংসদ ভবনের কেবিনেট কক্ষে অনুষ্ঠিত জাতীয় সংসদের কার্য উপদেষ্টা কমিটির প্রথম বৈঠকে এই সিদ্ধান্ত গৃহীত হয়। কমিটির সভাপতিত্ব করেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।
বৈঠকে অধিবেশনের সময়সূচি, কার্যাদি নিষ্পন্নের জন্য সময় বরাদ্দ এবং রাষ্ট্রপতির ভাষণের ওপর আলোচনা বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়। এতে রাষ্ট্রপতির ভাষণের ওপর মোট ৫০ ঘণ্টা আলোচনার পরিকল্পনা নেওয়া হয়েছে। প্রয়োজনে অধিবেশনের সময় ও কার্যদিবস পরিবর্তনের ক্ষমতা স্পিকারের হাতে রাখা হয়েছে।
প্রধানমন্ত্রীর জন্য এই অধিবেশনে ৮টি এবং অন্যান্য মন্ত্রীর জন্য ৪৬০টি প্রশ্ন এসেছে। এছাড়া বিধি-৭১ অনুযায়ী মনোযোগ আকর্ষণের নোটিশ এসেছে ২৭টি এবং বিধি-১৩১ অনুযায়ী সিদ্ধান্ত-প্রস্তাব ৯৭টি।
বৈঠকে কমিটি সদস্য, সংসদ নেতা এবং প্রধানমন্ত্রী তারেক রহমান উপস্থিত ছিলেন। এছাড়া বিরোধীদলীয় নেতা মো: শফিকুর রহমান, ড. খন্দকার মোশাররফ হোসেন, স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর, অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, চীফ হুইপ মো. নূরুল ইসলাম, আইনমন্ত্রী মো: আসাদুজ্জামান, এ টি এম আজহারুল ইসলাম, বিরোধীদলের চীফ হুইপ মো: নাহিদ ইসলাম এবং মুহাম্মদ নওশাদ জমির উপস্থিত ছিলেন।
সংসদ সচিবালয়ের সচিব কানিজ মওলা বৈঠকে সাচিবিক সহায়তা প্রদান করেন। এছাড়া সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা বৈঠকে উপস্থিত ছিলেন।