মধ্যপ্রাচ্যে ফরাসি নৌবাহিনীর ১০টি যুদ্ধজাহাজ মোতায়েনের খবরকে ‘ভিত্তিহীন’ বলে দাবি করেছে ফ্রান্সের পররাষ্ট্র মন্ত্রণালয়। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এ তথ্যের পর দেশটি আনুষ্ঠানিকভাবে বিষয়টি অস্বীকার করেছে।
সাম্প্রতিক সময়ে বিভিন্ন মাধ্যমে দাবি করা হয়, বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জাহাজ চলাচলের পথ হরমুজ প্রণালি নিরাপদ রাখতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আহ্বানে ফ্রান্স মধ্যপ্রাচ্যে যুদ্ধজাহাজ পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে।
তবে এ ধরনের তথ্যকে সঠিক নয় বলে জানিয়েছে ফরাসি সরকার। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে ফ্রান্সের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, মধ্যপ্রাচ্যে নতুন করে কোনো যুদ্ধজাহাজ পাঠানো হয়নি।
বিবৃতিতে আরও বলা হয়, ফ্রান্সের রণতরিগুলো বর্তমানে পূর্ব ভূমধ্যসাগর এলাকাতেই অবস্থান করছে। ফরাসি পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, আঞ্চলিক পরিস্থিতি নিয়ে ফ্রান্সের অবস্থান অপরিবর্তিত রয়েছে এবং তাদের সামরিক উপস্থিতি সম্পূর্ণভাবে আত্মরক্ষামূলক ও নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে পরিচালিত হচ্ছে।