নির্বাচনকালীন নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা বহাল রেখে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের পূর্ণাঙ্গ রায় প্রকাশ করা হয়েছে। রোববার (১৫ মার্চ) সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে ৭৪ পৃষ্ঠার এই রায় প্রকাশ করা হয়।
রায়টি লিখেছেন তৎকালীন প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ। এর আগে গত ২০ নভেম্বর আপিল বিভাগ এই মামলার রায় ঘোষণা করেছিল।
পটভূমিতে জানা যায়, ১৯৯৬ সালে বিএনপি সরকারের আমলে সংবিধানের ত্রয়োদশ সংশোধনীর মাধ্যমে দেশে নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা চালু করা হয়, যার অধীনে কয়েকটি জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল। পরবর্তীতে ২০১১ সালে আওয়ামী লীগ সরকারের সময় সুপ্রিম কোর্টের আপিল বিভাগ ত্রয়োদশ সংশোধনীকে অসাংবিধানিক ঘোষণা করে। সেই রায়ের পর সংবিধান থেকে তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা বিলুপ্ত হয় এবং নির্বাচনকালীন সরকারব্যবস্থায় পরিবর্তন আসে।
তবে রাজনৈতিক পটপরিবর্তনের পর বিষয়টি আবারও আদালতে আসে। আওয়ামী লীগ সরকারের পতনের পর অন্তর্বর্তী সরকারের সময় ২০১১ সালের রায়ের বিরুদ্ধে পুনর্বিবেচনার আবেদন করা হয়। সেই আবেদনের প্রেক্ষিতে সর্বোচ্চ আদালত পুনরায় আপিল শুনানির সিদ্ধান্ত নেয়।
পুনঃশুনানি শেষে আপিল বিভাগ আগের রায়কে অবৈধ ঘোষণা করে এবং সংবিধানের ত্রয়োদশ সংশোধনীর মাধ্যমে প্রবর্তিত নির্বাচনকালীন নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা পুনর্বহালের সিদ্ধান্ত দেয়।
রোববার প্রকাশিত পূর্ণাঙ্গ রায়ে এ বিষয়ে আদালতের পর্যবেক্ষণ ও সিদ্ধান্তের বিস্তারিত ব্যাখ্যা তুলে ধরা হয়েছে।