ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান বিন হাদি হত্যা মামলার বিচার শুরুতে বিলম্বের কারণ ব্যাখ্যা করেছেন সাবেক আইন উপদেষ্টা আসিফ নজরুল। তিনি বলেছেন, মামলার তদন্ত প্রতিবেদন নিয়ে বাদীর আপত্তি এবং পুনঃতদন্তের কারণে বিচার কার্যক্রম এখনো শুরু করা সম্ভব হয়নি।
রোববার (১৫ মার্চ) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এ বিষয়ে বিস্তারিত তুলে ধরেন।
আসিফ নজরুল লেখেন, ওসমান হাদি ছিলেন গণমানুষের কাছে জনপ্রিয় একটি মুখ। তার হত্যাকাণ্ডের বিচার দ্রুত সম্পন্ন করার দাবি বিভিন্ন মহল থেকে উঠে আসছিল। সরকারে দায়িত্ব পালনকালে তিনি নিজেও জানিয়েছিলেন, মামলাটি দ্রুত বিচার ট্রাইব্যুনালে নেওয়া হবে এবং সরকারের মেয়াদকালের মধ্যেই বিচার শেষ করার আশা ছিল।
তবে বাস্তব পরিস্থিতিতে এখনো বিচার কার্যক্রম শুরু করা যায়নি বলে উল্লেখ করেন তিনি। সাবেক এই আইন উপদেষ্টা জানান, চলতি বছরের ৬ জানুয়ারি মামলার তদন্ত কর্মকর্তা ১৭ জনকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। কিন্তু মামলার বাদী ওই অভিযোগপত্রে সন্তুষ্ট না হয়ে আদালতে নারাজি আবেদন করেন। ফৌজদারি আইনে এমন আবেদন থাকলে আদালত সাধারণত সরাসরি অভিযোগপত্র গ্রহণ করে বিচার শুরু করে না।
এর পরিপ্রেক্ষিতে আদালত মামলাটি অধিকতর তদন্তের জন্য পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)-কে নির্দেশ দেন। বর্তমানে সেই তদন্ত কার্যক্রম চলমান থাকায় বিচার প্রক্রিয়া শুরু করা সম্ভব হয়নি। আসিফ নজরুল বলেন, সিআইডি তদন্ত শেষ করে নতুন অভিযোগপত্র দাখিল করলে এবং তাতে কোনো আপত্তি না এলে বিচার শুরু করা যাবে। তবে তদন্তে ত্রুটি বা অসম্পূর্ণতার অভিযোগ উঠলে বাদী পুনরায় নারাজি জানাতে পারেন, এতে বিচার আরও বিলম্বিত হওয়ার আশঙ্কা থাকে।
তিনি আরও বলেন, আদালত চাইলে বাদীর আপত্তি অগ্রাহ্য করেও বিচার শুরু করতে পারে। কিন্তু এতে বিচার প্রক্রিয়া নিয়ে বিতর্ক তৈরি হওয়ার সম্ভাবনা থাকে। পোস্টে তিনি উল্লেখ করেন, অনেকেই মনে করেন বিচার প্রক্রিয়া সহজ ও দ্রুত হওয়া উচিত। কিন্তু বাস্তবে তদন্ত ও বিচার একটি জটিল প্রক্রিয়া। তবে সংশ্লিষ্ট সবার সদিচ্ছা থাকলে বিলম্ব কমানো এবং সঠিক বিচার নিশ্চিত করা সম্ভব বলে তিনি মত দেন।