এয়ারলাইন্স ও পর্যটন খাতে অবদানের স্বীকৃতিস্বরূপ ইউএস-বাংলা এয়ারলাইন্সের তিন নারী কর্মী এভিয়েট্যুর উইমেন্স আইকন অ্যাওয়ার্ড–২০২৬ পেয়েছেন। আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে তাদের হাতে এই সম্মাননা তুলে দেওয়া হয়। শনিবার (১৪ মার্চ) রাজধানীর একটি কমিউনিটি ক্লাবে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরস্কার প্রদান করেন বেসামরিক বিমান চলাচল ও পর্যটন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী রশিদুজ্জামান মিল্লাত।
এভিয়েশন ও ট্যুরিজম খাতের বিভিন্ন ক্ষেত্রে উল্লেখযোগ্য অবদানের জন্য মোট ১০ জন নারী কর্মীকে এই সম্মাননা দেওয়া হয়। এর মধ্যে ইউএস-বাংলা এয়ারলাইন্সের তিনজন কর্মী নিজ নিজ ক্ষেত্রে অবদানের জন্য পুরস্কৃত হন।পুরস্কারপ্রাপ্তরা হলেন— কেবিন সার্ভিস বিভাগের ম্যানেজার মুক্তা ওয়াহিদ, যিনি ‘বেস্ট ট্রেইনার’ হিসেবে সম্মাননা পেয়েছেন; কাস্টমার সার্ভিস বিভাগের অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার মৌসুমী আকতার এবং সেলস অ্যান্ড মার্কেটিং বিভাগের সিনিয়র এক্সিকিউটিভ ফারহানা ইয়াসমিন।
অনুষ্ঠানের আয়োজন করে এভিয়েশন অ্যান্ড ট্যুরিজম জার্নালিস্ট অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (এটিজেএফবি)। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মোস্তফা মাহমুদ সিদ্দিক, বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের প্রধান নির্বাহী কর্মকর্তা নুজহাত ইয়াসমিন, বেবিচকের সাবেক চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল (অব.) মো. মফিদুর রহমান, এটিজেএফবি’র সভাপতি তানজিম আনোয়ার এবং সাধারণ সম্পাদক বাতেন বিপ্লবসহ এভিয়েশন ও পর্যটন খাতের সংশ্লিষ্ট ব্যক্তিরা।