দেশে দক্ষ পাইলট তৈরির লক্ষ্যে মেধাবী শিক্ষার্থীদের জন্য ক্যাডেট পাইলট তৈরির উদ্যোগ নিয়েছে বেসরকারি বিমান সংস্থা ইউএস-বাংলা এয়ারলাইন্স। নির্বাচিত শিক্ষার্থীদের বিদেশে ফ্লাইট প্রশিক্ষণ দিয়ে ভবিষ্যতে এয়ারলাইন্সটিতে ফার্স্ট অফিসার হিসেবে কাজ করার সুযোগ দেওয়া হবে।
বিমান পরিবহন খাত সংশ্লিষ্টরা বলছেন, বিশ্বজুড়ে বেসামরিক বিমান চলাচল খাতে পাইলটের চাহিদা দ্রুত বাড়ছে। সেই চাহিদা পূরণে এবং দেশের এভিয়েশন শিল্পে দক্ষ জনবল গড়ে তুলতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।
২০১৪ সালের ১৭ জুলাই মাত্র দুটি ড্যাশ–৮–কিউ৪০০ উড়োজাহাজ দিয়ে যাত্রা শুরু করা ইউএস-বাংলা এয়ারলাইন্স বর্তমানে বহরে ৩টি এয়ারবাস এ৩৩০–৩০০, ৯টি বোয়িং ৭৩৭–৮০০সহ মোট ২৫টি উড়োজাহাজ পরিচালনা করছে। শিগগিরই বহরে আরও কয়েকটি উড়োজাহাজ যুক্ত হওয়ার কথা রয়েছে। বহর সম্প্রসারণ এবং নতুন রুট চালুর পরিকল্পনার কারণে অতিরিক্ত পাইলটের প্রয়োজনীয়তা তৈরি হয়েছে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।
এই চাহিদা পূরণের লক্ষ্যে চলতি বছর যুক্তরাষ্ট্রের বিভিন্ন ফ্লাইং একাডেমিতে প্রশিক্ষণের জন্য ক্যাডেট পাইলট বাছাই কার্যক্রম শুরু করা হয়েছে। নির্বাচিত প্রার্থীরা নির্ধারিত প্রশিক্ষণ সম্পন্ন করলে ইউএস-বাংলা এয়ারলাইন্সে ফার্স্ট অফিসার হিসেবে যোগ দেওয়ার সুযোগ পাবেন।
যোগ্যতা ও শিক্ষাগত শর্ত
ক্যাডেট পাইলট প্রোগ্রামে আবেদনের জন্য প্রার্থীদের বিজ্ঞান বিভাগে এসএসসি ও এইচএসসি পরীক্ষায় ভালো ফলাফল থাকতে হবে। এসএসসিতে ন্যূনতম জিপিএ–৫সহ ইংরেজিতে অন্তত জিপিএ–৪ থাকতে হবে। পদার্থবিজ্ঞান, সাধারণ গণিত ও উচ্চতর গণিতের মধ্যে অন্তত দুটি বিষয়ে জিপিএ–৫ এবং অন্যটিতে ন্যূনতম জিপিএ–৪ থাকতে হবে। এইচএসসিতেও ন্যূনতম জিপিএ–৫ থাকতে হবে এবং ইংরেজি, গণিত ও পদার্থবিজ্ঞানে নির্ধারিত মানের ফলাফল থাকতে হবে। ‘ও’ লেভেল ও ‘এ’ লেভেল শিক্ষার্থীরাও নির্ধারিত গ্রেড থাকলে আবেদন করতে পারবেন। স্নাতক ডিগ্রি অতিরিক্ত যোগ্যতা হিসেবে বিবেচিত হবে।
নির্বাচন প্রক্রিয়া
প্রার্থীদের একাধিক ধাপের পরীক্ষার মধ্য দিয়ে নির্বাচিত করা হবে। এর মধ্যে রয়েছে আইকিউ টেস্ট, লিখিত পরীক্ষা (ইংরেজি, গণিত ও পদার্থবিজ্ঞান), পাইলট অ্যাপটিটিউড টেস্ট, সাইকোমেট্রিক মূল্যায়ন, মেডিকেল পরীক্ষা ও মৌখিক সাক্ষাৎকার। সব ধাপে উত্তীর্ণ প্রার্থীদের যুক্তরাষ্ট্রের বিভিন্ন ফ্লাইং একাডেমিতে প্রশিক্ষণের জন্য পাঠানো হবে। প্রশিক্ষণ শেষে সফল ক্যাডেটরা ইউএস-বাংলা এয়ারলাইন্সে যোগদান করতে পারবেন।
অন্যান্য শর্ত
আবেদনকারীকে অবশ্যই বাংলাদেশি নাগরিক হতে হবে এবং বয়স সর্বোচ্চ ২৫ বছর হতে হবে। ছেলেদের ন্যূনতম উচ্চতা ১৬৮ সেন্টিমিটার এবং মেয়েদের ১৬৪ সেন্টিমিটার নির্ধারণ করা হয়েছে। দৃষ্টিশক্তি ৬/৬ হতে হবে এবং প্রার্থীকে ধূমপান ও মদ্যপানমুক্ত থাকতে হবে। কোনো ধরনের অপরাধমূলক কর্মকাণ্ডে সম্পৃক্ত থাকলে আবেদন অযোগ্য বলে বিবেচিত হবে।
আবেদন পদ্ধতি
আগ্রহী শিক্ষার্থীরা ইউএস-বাংলা এয়ারলাইন্সের ওয়েবসাইটের ক্যারিয়ার পেজে অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। আবেদনের শেষ সময় নির্ধারণ করা হয়েছে ১১ এপ্রিল ২০২৬।