দেশজুড়ে নদী-নালা, খাল ও জলাধার পুনরুদ্ধারে সরকারের বৃহৎ কর্মসূচির আনুষ্ঠানিক সূচনা হচ্ছে আজ। এ উপলক্ষে দিনাজপুর সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সরকারের পরিকল্পনা অনুযায়ী আগামী পাঁচ বছরে সারা দেশে প্রায় ২০ হাজার কিলোমিটার নদী, খাল ও জলাধার খনন ও পুনঃখনন করা হবে। এই কর্মসূচির প্রথম ধাপের উদ্বোধন সোমবার (১৬ মার্চ) দিনাজপুরের কাহারোল উপজেলায় অনুষ্ঠিত হবে।
পানিসম্পদ মন্ত্রণালয়ের পরিকল্পনা-৩ শাখা থেকে পাঠানো এক চিঠিতে জানানো হয়েছে, সকাল সাড়ে ১০টার দিকে কাহারোল উপজেলার ঐতিহাসিক বলরামপুর-সাহাপাড়া খালে নিজ হাতে মাটি কেটে দেশব্যাপী খনন কার্যক্রমের সূচনা করবেন প্রধানমন্ত্রী। একই সময়ে দেশের আরও ৫৩টি জেলায় সংশ্লিষ্ট মন্ত্রী, উপদেষ্টা, জাতীয় সংসদের চিফ হুইপ ও সংসদ সদস্যরা নিজ নিজ এলাকায় এই কর্মসূচির উদ্বোধন করবেন। উদ্বোধন শেষে খালের পাড়ে বৃক্ষরোপণ কর্মসূচিতেও অংশ নেওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রীর।
ঐতিহাসিক গুরুত্ব বহনকারী সাহাপাড়া খালটি প্রথম খনন করা হয় ১৯৭৭ সালে। সে সময় তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমান নিজ হাতে কোদাল ও ঝুড়ি নিয়ে স্থানীয় নেতাকর্মী ও গ্রামবাসীদের সঙ্গে অংশ নিয়ে প্রায় ১২ দশমিক ২ কিলোমিটার দীর্ঘ এই খাল খননের উদ্যোগ নেন। দীর্ঘ সময় পর পুনঃখননের মাধ্যমে খালটি পুনরুজ্জীবিত হলে এলাকার প্রায় সাড়ে তিন লাখ মানুষ সরাসরি উপকৃত হবেন বলে আশা করা হচ্ছে। এতে কৃষি ও সেচ ব্যবস্থায় ইতিবাচক পরিবর্তন আসার পাশাপাশি ভূগর্ভস্থ পানির ওপর চাপও কমবে।
এদিকে প্রধানমন্ত্রীর আগমনকে ঘিরে কাহারোল উপজেলায় প্রস্তুতি জোরদার করা হয়েছে। সমাজকল্যাণমন্ত্রী এজেডএম জাহিদ হোসেন জানান, খাল খনন কর্মসূচি বাস্তবায়িত হলে কৃষি উৎপাদন বৃদ্ধি, খরা ও জলাবদ্ধতা মোকাবিলা এবং গ্রামীণ কর্মসংস্থান সৃষ্টিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।