আসন্ন পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে দেশের সব কারাগারে বন্দিদের জন্য বিশেষ খাবারের ব্যবস্থা করার সিদ্ধান্ত নিয়েছে কারা অধিদপ্তর। প্রতি বছরের ধারাবাহিকতায় এবারও ঈদের দিন বন্দিদের জন্য উন্নতমানের খাবার পরিবেশন করা হবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
কারা প্রশাসনের সূত্রে জানা গেছে, ঈদের দিন বন্দিদের সকাল, দুপুর ও রাতে আলাদা মেন্যু অনুযায়ী খাবার পরিবেশন করা হবে। নির্ধারিত তালিকা অনুযায়ী সকালে বন্দিদের জন্য পায়েস বা সেমাইয়ের সঙ্গে মুড়ি দেওয়া হবে। দুপুরের খাবারে থাকবে সাদা ভাত, গরুর মাংস এবং মুরগির রোস্ট। তবে ভিন্ন ধর্মাবলম্বী বন্দিদের জন্য গরুর মাংসের পরিবর্তে খাসির মাংস পরিবেশন করা হবে। এছাড়া আলুর দম ও রুই মাছও মেন্যুতে রাখা হয়েছে। খাবারের সঙ্গে পান ও সুপারি সরবরাহ করার ব্যবস্থাও থাকবে।
এ বিষয়ে কারা অধিদপ্তরের সহকারী কারা মহাপরিদর্শক (উন্নয়ন) মো. জান্নাত-উল ফরহাদ বলেন, ঈদের আনন্দ যাতে কারাগারে থাকা বন্দিদের মাঝেও পৌঁছে যায়, সে লক্ষ্যেই প্রতিবছরের মতো এবারও বিশেষ খাবারের আয়োজন করা হয়েছে। দেশের সব কারাগারে বন্দিদের জন্য একই ধরনের ব্যবস্থা কার্যকর করা হবে।
কারা অধিদপ্তর সূত্রে আরও জানা গেছে, ঈদ উপলক্ষে বন্দিদের মধ্যে উৎসবের পরিবেশ সৃষ্টি এবং তাদের প্রতি মানবিক দৃষ্টিভঙ্গি প্রদর্শনের অংশ হিসেবেই এই বিশেষ খাবার পরিবেশনের উদ্যোগ নেওয়া হয়েছে।