৯৮তম অস্কারে ‘ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার’ সর্বোচ্চ ছয় পুরস্কারে জয়ী
লস অ্যাঞ্জেলেস, রোববার – বিশ্বের চলচ্চিত্রের সর্বোচ্চ সম্মানজনক পুরস্কার অস্কারের ৯৮তম আসরে সেরা সিনেমার খেতাব জিতেছে পল থমাস অ্যান্ডারসনের পরিচালিত ডার্ক কমেডি অ্যাকশন থ্রিলার ‘ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার’। এছাড়া, লিওনার্দো ডিক্যাপ্রিওকে হারিয়ে এবার সেরা অভিনেতার অস্কার পেয়েছেন মাইকেল বি জর্ডান, এবং সেরা অভিনেত্রীর স্বীকৃতি পেয়েছেন জেসি বাকলি।
আন্তর্জাতিক চলচ্চিত্র বিভাগের সেরা সিনেমা হিসেবে নির্বাচিত হয়েছে ‘সেন্টিমেন্টাল ভ্যালু’, আর নেটফ্লিক্সের আলোচিত অ্যানিমেশন মিউজিক্যাল ‘কে–পপ ডেমন হানস্টর্স’ এর গান ‘গোল্ডেন’ সেরা সঙ্গীতের পুরস্কার জিতেছে।
ডলবি থিয়েটারে আয়োজিত এই জাঁকজমকপূর্ণ আসরে ‘ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার’ মোট ছয়টি বিভাগে পুরস্কার অর্জন করেছে। ছবিটি মোট ১৩টি বিভাগে মনোনয়ন পেয়েছিল। এতে অভিনয় করেছেন লিওনার্দো ডিক্যাপ্রিও, শন পেন, বেনিসিও ডেল তোরো, রেজিনা হল, তেয়ানা টেইলর এবং চেজ ইনফিনিটি।