লস অ্যাঞ্জেলেস, রোববার – অভিনেতা শন পেন ইতিহাসের পাতায় আবারও নাম লিখালেন। ২০২৬ সালের অস্কারে সেরা পার্শ্ব অভিনেতার পুরস্কার জিতেছেন তিনি। এই পুরস্কার জিতেছেন তার নতুন সিনেমা ‘ওয়ান ব্যাটেল আফটার অ্যানাদার’-এ খল চরিত্রে অভিনয়ের জন্য, যা তার তৃতীয়বারের অস্কার।
অ্যাকাডেমি এ বছর শন পেনকে ডলবি থিয়েটারে উপস্থিত না থাকায় সরাসরি পুরস্কার প্রদান করতে পারেনি। দ্য নিউ ইয়র্ক টাইমস জানিয়েছে, অভিনেতার ঘনিষ্ঠ সূত্রের মতে, তিনি রোববার ইউক্রেনে ছিলেন। তবে ঠিক কী কারণে তিনি সেখানে ছিলেন, তা এখনও জানা যায়নি।
সেরা পার্শ্ব অভিনেতার পুরস্কারটি ঘোষণা করেছেন গত বছরের বিজয়ী কিরান কালকিন, যিনি ‘আ রিয়েল পেইন’ ছবির জন্য অস্কার জিতেছিলেন। পেন উপস্থিত না থাকায় পুরস্কার গ্রহণ করেন কালকিন। মঞ্চে দাঁড়িয়ে তিনি রসিকভাবে বলেন, “শন পেন আজ রাতে এখানে থাকতে পারেননি—অথবা হয়তো আসতে চাননি—তাই তাঁর পক্ষ থেকে আমি পুরস্কারটি নিচ্ছি।”
শন পেন এর আগে ২০০৩ সালে ‘মিস্টিক রিভার’ এবং ২০০৯ সালে ‘মিল্ক’ ছবির জন্য সেরা অভিনেতার অস্কার জিতেছিলেন। এছাড়া ডেড ম্যান ওয়াকিং, সুইট অ্যান্ড লোডাউন ও আই অ্যাম স্যাম ছবির জন্য মনোনয়ন পেয়েছিলেন।
‘ওয়ান ব্যাটেল আফটার অ্যানাদার’ ছবিতে কর্নেল স্টিভেন জে. লকজ চরিত্রে অভিনয় করেছেন শন পেন। অস্কারের আগে এই চরিত্রের জন্য তিনি বাফটা এবং এসএজি অ্যাওয়ার্ডও জিতেছিলেন। ছবিটি পরিচালনা করেছেন পল থমাস অ্যান্ডারসন।